রেলওয়ের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আ.লীগ নেতার ছেলেসহ চারজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার
প্রতীকী ছবি

রংপুরে রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতির দায়ে চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে রংপুর নগরের বিভিন্ন কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।

কারাদণ্ড পাওয়া চার পরীক্ষার্থী হলেন—নীলফামারীর সৈয়দপুরের মঞ্জুরুল হোসেন, নীলফামারী শহরের মুন্সিপাড়া এলাকার কানিজ শারমিন, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মেহেদী হাসান ও গাইবান্ধা সদর এলাকার জোহা মিয়া। এর মধ্যে মঞ্জুরুল হোসেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহসিন উল হকের ছেলে। তাঁদের সবাইকে গতকাল শনিবার সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার নিয়োগের পরীক্ষায় রংপুরে ৫২ হাজার ৭৯৭ জন চাকরিপ্রত্যাশী অংশ নেন। পরীক্ষা চলাকালে রংপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অপরাধে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা ও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া রংপুর সিটি সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে একই অভিযোগে একজনকে বহিষ্কার ও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং রংপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাঁদের সবাইকে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড এবং অনাদায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে।

চারজনকে দণ্ড দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফিরুজুল ইসলাম ও রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক হোসেন আলী।