বাবার অটোরিকশা নিয়ে বেরিয়ে নিখোঁজ কিশোর, শহরের অদূরে মিলল ব্যাটারিছাড়া অটোরিকশা

ফেনীতে নিখোঁজ কিশোর মাফুজুর রহমানছবি : পরিবারের কাছ থেকে পাওয়া

ফেনীতে মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি পরিবারের আয়ে সহযোগিতা করতে মাঝেমধ্যে বাবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়ত ১৫ বছর বয়সী মাদ্রাসার শিক্ষার্থী মাফুজুর রহমান ইমন (১৫)। ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে একইভাবে মাদ্রাসার পড়া শেষ করে বাসায় ফিরে বাবার অটোরিকশা নিয়ে বেরিয়েছিল সে। তবে এরপর তিন দিন ধরে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। থানায় লিখিত অভিযোগ দায়েরের পর শহরের অদূরে সদর উপজেলার ফতেহপুর এলাকায় ব্যাটারিছাড়া পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ। তবে সন্ধান মেলেনি নিখোঁজ ছাত্রের।

নিখোঁজ মাফুজুর রহমান ফেনী শহরের ৪ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এলাকার মো. সহিদুল ইসলাম সুজনের ছেলে। সে বিরিঞ্চি সুফিয়া নুরিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

পুলিশ ও নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় বিরিঞ্চি সুফিয়া নূরিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা শেষে বাড়িতে ফেরে মাফুজুর। পরে বাবার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে বাইরে বের হয়। এরপর রাত পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মাফুজুরের সন্ধান না পেয়ে গতকাল মঙ্গলবার ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির পর পুলিশ অভিযানে নেমে গতকাল বিকেলে ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় সড়কের পাশে ব্যাটারিছাড়া পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করে। তবে রিকশাটির চালক মাফুজুরের কোনো সন্ধান পাওয়া যায়নি।

মাফুজুরের বাবা শহীদুল ইসলাম বলেন, ‘আমার ছেলে বিরিঞ্চি সুফিয়া নূরিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। পড়াশোনার পাশাপাশি প্রায় দিন বিকেলে রিকশা চালিয়ে আমাকে সহযোগিতা করত। সোমবার বিকেলে রিকশা নিয়ে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে থানায় জিডি করেছি। আমি গরিব মানুষ, আমার ছেলেটার যেন কোনো বিপদ না হয়। আপনারা আমার ছেলেরে খুইজ্জা দেন।’

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, মাদ্রাসাছাত্র নিখোঁজের বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ব্যাটারিছাড়া অটোরিকশাটি উদ্ধার করেছে। নিখোঁজ মাফুজুরের সন্ধানে পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।