বেপরোয়া গতিতে চলছিল বাস, সড়কে উল্টে গিয়ে তিন যাত্রী নিহত, আহত ১২

দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়া হচ্ছে। আজ দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। দুর্ঘটনায় আহত ১২ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের। এটি বেপরোয়া গতিতে বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর দিকে যাচ্ছিল। আহত যাত্রীদের কাছ থেকে জানা গেছে, তাঁরা চালককে গতি কমাতে বললেও তিনি তা শোনেননি। এর মধ্যেই একপর্যায়ে সড়কের ওপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এ ছাড়া আহত অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী ও ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে জানিয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর বাসটির চালক পলাতক। তবে বাসটি জব্দ করা হয়েছে।