টেকনাফে মুক্তিপণে ফিরল অপহৃত দুই শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই শিশুকে অপহরণের পর মুক্তিপণ আদায় করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টার পর ওই শিশুদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে পরিবার। পরিবারের সদস্যদের দাবি, ৭০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর শিশুদের ফেরত দিয়েছে অপহরণকারীরা।

ওই শিশুরা হলো টেকনাফের বাহারছড়ার মারিশবনিয়াপাড়ার বাসিন্দা প্রবাসী হোসেন আলীর ছেলে মো. সালমান (৫) ও একই এলাকার মো. আলীর ছেলে ওবাইদুল্লাহ (১৩)। তারা দুজন চাচাতো ভাই। শিশু দুটিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বাহারছড়া পুলিশ ফাঁড়ি তদন্তকেন্দ্রের পরিদর্শক মশিউর রহমান বলেন, ‘অপহৃত দুই শিশুকে পাওয়া গেছে। তাদের পরিবারের সদস্যরা জানান, তাদের ছাড়তে ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়েছেন। আমরা পুরো ঘটনাটি জানতে দুই শিশুকে জিজ্ঞাসাবাদ করছি। এখনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি।’

অপহৃত সালমানের মামাতো ভাই হামিদ হোসেন বলেন, ৭০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে প্রথমে শিশু মো. সালমানকে উদ্ধার করে আনেন তাঁরা। এরপর স্থানীয় লোকজন নিয়ে তাঁরা পাহাড়ের দিকে যান। পাহাড়ের ঢালুতে অপহরণকারীদের কাছে থাকা অন্য শিশু ওবাইদুল্লাহর কান্নার আওয়াজ শুনতে পেলে তাঁরা ধাওয়া দেন। এ সময় অপহরণকারীরা ওবাইদুল্লাহকে একা রেখে পালিয়ে যান। পরে তাকেও উদ্ধার করে বিষয়টি পুলিশকে জানানো হয়। তিনি আরও বলেন, অপহরণকারীরা মুঠোফোনের মাধ্যমে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। অপহরণকারীরা ওই রাতের মধ্যে দাবি করা টাকা না দিলে শিশুদের মেরে ফেলার হুমকি দেয়। সে জন্য তাঁরা রাতের মধ্যে অপহরণকারীদের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করে ৭০ হাজার টাকার বিনিময়ে শিশুদের ছাড়িয়ে আনেন।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন,অপহরণের বিষয় নিয়ে পুরো ইউনিয়নের মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। পাহাড়ের রোহিঙ্গা সন্ত্রাসীদের অবস্থানের কারণে একের পর এক অপহরণের ঘটনা ঘটছে।

এর আগে গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতর খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হয় আট ছেলে। পরে মুক্তিপণ দিয়ে তারা ফিরে আসে। একইভাবে গত ২৯ সেপ্টেম্বর একই উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনার পাহাড়ি এলাকা থেকে পাঁচ কৃষককে অপহরণ করা হয়।