মাদারীপুরে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে বাবুর্চির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

মাদারীপুরের কালকিনি উপজেলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক বাবুর্চির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত আটটার দিকে উপজেলার গোপালপুর এলাকার একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া বাবুর্চির নাম মো. নাজমুল তালুকদার (৩০)। তিনি কালকিনি পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকার মৃত মো. নাসিম তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর এলাকার একটি রেস্তোরাঁয় রান্নার কাজ করছিলেন নাজমুল। এ সময় বৈদ্যুতিক সুইচে চাপ দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।

কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিরাজ দাস প্রথম আলোকে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক বাবুর্চির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।