বিএনপির গণসমাবেশ: মেহেরপুর থেকে খুলনাগামী যানবাহন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে মেহেরপুর থেকে খুলনাগামী সব যানবাহন বন্ধ। আজ সকালে শহরের বাস টার্মিনাল এলাকায়
ছবি: প্রথম আলো

খুলনায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে মেহেরপুর থেকে খুলনাগামী সব পরিবহন বন্ধ রেখেছে পরিবহনমালিক ও শ্রমিকদের সমিতিগুলো। এতে খুলনাগামী সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। অনেকে যেতে না পেরে বাড়ি ফিরে গেছেন। কেউ কেউ ছোট যানবাহনে ভেঙে ভেঙে খুলনার উদ্দেশে বেরিয়ে পড়েন।

পৌর শহরের বাসিন্দা বেসরকারি ব্যাংক কর্মকর্তা আবু রায়হান প্রথম আলোকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ করে পরিবহন থেকে জানানো হয়, খুলনাগামী আর এ পরিবহন যশোরে আজ পর্যন্ত যেতে দিয়েছে। তবে আগামীকাল থেকে আর যাবে না। আগের দিন টিকিট কেটেছিলাম। সেই টিকিট ফেরত দেওয়া হয়েছে।’

আর এ পরিবহনের টিকিট মাস্টার শরিফুল ইসলাম বলেন, পরিবহনের মালিক ও শ্রমিক ইউনিয়ন থেকে অবরোধ ডাকা হয়েছে। সে কারণে সরাসরি খুলনায় বাস যেতে পারছে না।

পরিবহনশ্রমিক মোশারফ হোসেন বলেন, খুলনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বাস ও মাইক্রোবাস বন্ধ রাখা হয়েছে। যাতে করে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশে যেতে না পারেন। এসব করে জনগণকে কষ্ট দেওয়া ছাড়া কিছু লাভ হয় না।

নাম প্রকাশ না করার শর্তে এক মাইক্রোবাসচালক প্রথম আলোকে বলেন, মাইক্রোবাসের মালিকদের আগে থেকে আওয়ামী পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা নিষেধ করেছেন খুলনায় কোনো প্রকারের ভাড়ায় যেতে। জেলা বিএনপির কয়েকজন নেতা কয়েক দফা যোগাযোগ করেন মাইক্রোবাস ভাড়া নিতে। কিন্তু নিষেধ থাকায় ভাড়ায় যাওয়া হয়নি। তবে গতকাল বৃহস্পতিবার সকাল ও রাতে মাইক্রোস্ট্যান্ড থেকে ২২টি মাইক্রোবাস ছেড়ে গেছে যাত্রী নিয়ে।

পৌর শহরের কলেজ মোড় এলাকায় আজ সকাল থেকে পুলিশ কিংবা ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দেখা যায়নি।

মেহেরপুর বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, ‘খুলনা পরিবহন সমিতির নির্দেশে খুলনাগামী বাস বন্ধ রয়েছে। এখানে আমাদের কিছু করার নেই। সব কিছুতো বলা যায় না। বাকিটা বুঝে নিয়েন।’