গৌরনদীতে ছাত্রদলের দুই নেতার বাড়িতে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রদল নেতা রাসেলের ভাঙচুর করা বসতঘর
ছবি: প্রথম আলো

বরিশালের গৌরনদীতে ছাত্রদলের দুই নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে মোটরসাইকেলে মহড়া দিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা এসব হামলা চালান বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

যাঁদের বাড়িতে হামলা চালানো হয় তাঁরা হলেন—গৌরনদী পৌর ছাত্রদলের আহ্বায়ক এইচ এম রাসেল ও গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শরীফ।

এইচ এম রাসেল বলেন, ‘গতকাল রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগের উপজেলা সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টুর নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল মহড়া নিয়ে প্রায় দেড় শতাধিক ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা আমার শাওড়াস্থ বসতবাড়িতে হামলা চালান। এ সময় আমাকে ঘরের মধ্যে খুঁজতে থাকেন। আমাকে না পেয়ে হামলাকারীরা হামলা চালিয়ে আমার বসতঘর ভাঙচুর করেছেন এবং বাড়িতে থাকা নারী–পুরুষদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন।’

গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শরীফ অভিযোগ করে বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে ছাত্রলীগ ও যুবলীগের প্রায় দেড় শতাধিক নেতা–কর্মী আমার শাওড়াস্থ বাড়ির ঘরে ঢুকে আমাকে খুঁজতে থাকেন। আমাকে না পেয়ে ঘর ও দরজা পিটিয়ে ভাঙচুর করেন।’

সরেজমিনে রাসেলের বসতঘরের টিনের বেড়া, দরজা–জানালায় ভাঙচুরের আলামত দেখা যায়। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ভাঙচুরের সময় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে তাঁরা কারও নাম প্রকাশ করতে রাজি হননি। জসিমের বাড়িটি আধা পাকা। তাঁর বাড়ির দরজা–জানালায়ও ভাঙচুরের চিহ্ন দেখা যায়।
একই দিন রাতে নলচিড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সোহেল মোল্লাকে মারধর করে পুলিশে সোপর্দ করার অভিযোগ পাওয়া গেছে।

হামলা ও মারধরের বিষয়ে জানতে ছাত্রলীগের উপজেলা সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টুর মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি ধরেননি। খুদে বার্তা পাঠানো হলেও সারা মিলেনি।

তবে গৌরনদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হামলার সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের কোনো নেতা–কর্মী জড়িত নন। আমাদের বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছে। নিজ দলীয় অভ্যন্তরীণ কোন্দলে হামলা হয়েছে।’

হামলার বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আর সোহেলকে আটক করার বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই।