সখীপুরে পথসভার জন্য রান্না করা বিরিয়ানি গেল এতিমখানায়, বিএনপির প্রার্থীকে অর্থদণ্ড
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে সখীপুরে বিএনপির প্রার্থী আহমেদ আযম খানের নির্বাচনী পথসভায় আসা কর্মী–সমর্থকদের জন্য গণভোজের আয়োজন করায় প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে রান্না করা খাবার (বিরিয়ানি) দুই এতিমখানায় বিতরণের নির্দেশ দেওয়া হয়।
আজ শনিবার বিকেলে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শোলাপ্রতিমা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন্নাহার শিলা। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার বিকেল পাঁচটায় শোলাপ্রতিমা এলাকায় বিএনপির প্রার্থী আহমেদ আযম খানের পূর্বঘোষিত পথসভা ছিল। সভায় আসা কর্মী-সমর্থকদের জন্য যাদবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমানের বাড়িতে খাবারের আয়োজন চলছিল। খবর পেয়ে বিকেল চারটার দিকে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। ঘটনার সত্যতা পাওয়ায় প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রান্না করা বিরিয়ানি পাশের গ্রাম লাঙ্গুলিয়া চাকলাপাড়া এতিমখানা ও বোয়ালী হামিউস সুন্নাহ এতিমখানায় পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
যাদবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, সন্ধ্যার মধ্যেই রান্না করা খাবার দুটি এতিমখানায় পৌঁছে দেওয়া হয়েছে।