খুলনার রূপসায় মোটরসাইকেলে এসে বিএনপি নেতাকে গুলি
খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে বিএনপির এক নেতা আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহীনুর শেখ (৪৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শাহীনুর শেখ উপজেলার ৪ নম্বর টিএসবি বাহিরদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। তিনি তালতলা এলাকার আতিয়ার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নিজ গ্রামের একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন শাহীনুর শেখ। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা দুই যুবক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি শাহীনুরের পায়ে লাগে। আরেকটি গুলি মাথার চামড়া ভেদ করে বেরিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর প্রথম আলোকে বলেন, ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। হামলার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।