সভায় পুলিশ সুপারের বিরুদ্ধে সংসদ সদস্য শাহদাবের বিষোদ্‌গার, অন্যদের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা আজ রোববার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়
ছবি: প্রথম আলো

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু বলেছেন, বর্তমান পুলিশ সুপার ফরিদপুরে আসার পর নগরকান্দায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। নগরকান্দা সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে উঠেছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় সভায় থাকা জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকসহ অন্যরা সংসদ সদস্যের এ বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। পুলিশ সুপার মো. শাজাহান সভায় উপস্থিত ছিলেন না।

সভায় শাহদাব আকবর বলেন, ‘গত বৃহস্পতিবার বিকেলে সহস্রাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে নগরকান্দা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করে। এ সময় তারা কার্যালয়ের চেয়ার, সাইনবোর্ড ও কাচ ভাঙচুর করেছে। এমনকি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নিচে ফেলে দিয়েছে। ওই সময় ঘটনাস্থলে শত শত পুলিশ উপস্থিত ছিল। তাদের সামনে ঘটনা ঘটল। পুলিশ কাউকে গ্রেপ্তার করল না। মনে হয়েছে, তাদের জামাই আদর করা হচ্ছে।’

শাহদাব আকবর চৌধুরী আরও বলেন, ‘কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান একজন সন্ত্রাসী। তিনি চাঁদাবাজি করেন। হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ডাঙ্গী ইউনিয়নের মুরাদ নামের এক ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছেন, তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এই এসপি সাহেব ফরিদপুরে আসার পর আমার নগরকান্দা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে উঠেছে।’

সভায় উপস্থিত জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সংসদ সদস্য শাহদাবের উদ্দেশে বলেন, ‘আপনি সংসদ সদস্য হয়ে এভাবে একজন পুলিশ কর্মকর্তার নামে ঢালাও অভিযোগ না দিলে ভালো হতো। বরং চিঠি আকারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিলে শোভন হতো।’

সংসদ সদস্যের বক্তব্য সারা দেশে পুলিশ বাহিনীর মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করবে মন্তব্য করে সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ ইশতিয়াক বলেন, ‘মাননীয় সংসদ সদস্য একজন বিজ্ঞ মানুষ। এসপি সাহেব সম্পর্কে এ বক্তব্য এখানে না দিয়ে প্রধানমন্ত্রীকে জানাতে পারতেন।’

সভায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ‘আমি মনে করি এসপি, ডিসি, সংসদ সদস্য এক একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে যদি মুখোমুখি দাঁড় করানো হয়, তবে তা আমাদের জন্য ভালো হবে না। নির্বাচনের আগে নানাভাবে পানি ঘোলা করা হয়। পানি যাতে কেউ ঘোলা করতে না পারে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। সবাই যদি নিজে সৎ থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করি, তাহলে সমাজে অপরাধ কমে আসবে। নিজে আইন মানব, অন্যকে আইন মানাতে সহায়তা করব।’

একপর্যায়ে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘রাজনৈতিক সমস্যার সমাধানে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। নেতাদের মধ্যে নেতৃত্বে প্রতিযোগিতা অনেক জায়গায় আছে। আমাদের রাজনৈতিক নেতারা আলোচনায় বসে রাজনৈতিক সমস্যার সমাধান করলে ভালো হয়। জনপ্রতিনিধি–প্রশাসন সবাই একসূত্রে গাঁথা। সবাইকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।’

সভার শেষ দিকে সংসদ সদস্য শাহদাব বলেন, ‘আমার বক্তব্য কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। জেলা পুলিশের প্রধানের বিরুদ্ধে। কেননা, উনি দায়িত্বে আছেন এবং ওনার দায়িত্বে অবহেলার কারণে এসব ঘটনা ঘটছে।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মো. কাউসার প্রমুখ।

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের দুটি পক্ষ সক্রিয় আছে। এক অংশের নেতৃত্ব দিচ্ছেন সংসদ সদস্য শাহদাবের অনুসারীরা। অপর অংশের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়া।

১১ মে বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘বিশেষ সভা’ করতে যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জামাল মিয়ার সমর্থক সংখ্যায় বেশি হওয়ায় সংসদ সদস্যের সমর্থকেরা ধাওয়া খেয়ে পালিয়ে যান। এরপর জামাল মিয়ার সমর্থকেরা আওয়ামী লীগ কার্যালয়ে যান এবং সেখানে জামাল মিয়া সংক্ষিপ্ত বক্তব্য দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জামাল মিয়ার সমর্থকেরা ফিরে যাওয়ার পর আওয়ামী লীগ কার্যালয়ের চেয়ার ভাঙচুর অবস্থায় দেখা গেলেও বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সাজেদা চৌধুরীর ছবি টাঙানো অবস্থায় দেখা যায়। এর কিছুক্ষণ পর ছবিগুলো নিচে নামানো অবস্থায় দেখা যায়।