কুকুর বাঁচাতে গিয়ে থ্রি-হুইলার উল্টে মারা গেলেন চালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজবাড়ী সদর উপজেলায় একটি কুকুরকে বাঁচাতে গিয়ে থ্রি-হুইলার উল্টে চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার খানখানাপুর ইউনিয়নের নারাপচা সেতু এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া থ্রি-হুইলার চালকের নাম মিলন মণ্ডল (৩২)। তিনি সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের আবদুল কাদের মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহলাদীপুর হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা যায়, মিলন মণ্ডল আজ সকাল সাড়ে ৯টার দিকে থ্রি-হুইলার চালিয়ে গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। নারাপাচা সেতুর কাছে থ্রি-হুইলারের সামনে একটি কুকুর চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে  থ্রি-হুইলারটি উল্টে যায়। এতে গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, থ্রি-হুইলার উল্টে চালক মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের সদস্যদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।