বরিশালে বাবা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

বরিশাল নগরে বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে নগরের কাউনিয়ার পানির ট্যাংকি এলাকার একটি বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে মেয়েকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন।

লাশ উদ্ধার হওয়া দুজন হলেন নাঈম হাওলাদার (৩৫) ও তাঁর সাড়ে ৫ বছর বয়সী মেয়ে রাবেয়া। নাঈম হাওলাদার পরিবার নিয়ে কাউনিয়া পানির ট্যাংকি এলাকার স্বপ্ন বিলাস নামের একটি বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকতেন। ওই বাসায় নাঈমের মা, বাবা ও বোন থাকেন। নাঈম বরিশালের উজিরপুরের বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির গাড়িচালক ছিলেন।

বাড়িটির মালিক পলাশ মিয়া বলেন, নাঈমের পরিবার দুই মাস আগে বাসা ভাড়া নেয়। নাঈমকে মানসিকভাবে বিপর্যস্ত মনে হয়েছিল তাঁর।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে নাঈমের সঙ্গে তাঁর স্ত্রী কনা আক্তারের বিবাহবিচ্ছেদ হয়েছে। এর পর থেকেই নাঈম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। একমাত্র মেয়ে নাঈমের সঙ্গেই থাকত। গতকাল মঙ্গলবার রাতে নাঈমকে ফোন করে মেয়েকে তাঁর কাছে নিয়ে যেতে বলেন কনা আক্তার। এর আগেও মেয়েকে নিয়ে যাওয়ার কথা বলায় নাঈমের সঙ্গে কনার কয়েকবার বাগ্‌বিতণ্ডা হয়। আজ সকালে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছিল নাঈমের। ঘুম থেকে ডেকে তুলতে গিয়ে নাঈম ও তাঁর মেয়ের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্বজনেরা।

নাঈমের মা নাছিমা বেগম বলেন, তিনি অসুস্থ থাকায় খাটে শুয়ে ছিলেন। আজ সকালে নাঈমকে তাঁর বোন ঘুম থেকে ডেকে তুলতে গিয়ে দুজনের গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে দুজনের লাশ উদ্ধার করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, বাবা-মেয়ে দুজনের গলাকাটা ছিল। লাশ দুটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি কাজ করছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।