ভোলার দৌলতখানে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ইউনিয়ন বিএনপির কার্যালয়

আগুনে পুড়ে যাওয়া আসবাব। আজ সোমবার সকালে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির কার্যালয়েছবি: সংগৃহীত

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের আসবাব ও নথি পুড়ে গেছে। রোববার গভীর রাতে উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ বিএনপির ওই কার্যালয়ে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান তাঁরা। পরে দ্রুত সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল, ব্যানার-পোস্টার ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়।

উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁদের রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যেই এই অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দাস জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।