নীরবে বন্ধ হয়ে গেল রাজশাহীর পাটশিল্প উদ্যোক্তা সেবাকেন্দ্র

২০২১ সালের আগস্ট মাসে রাজশাহী রেশম কারখানার একটি ভবনের এই সেবাকেন্দ্রের কার্যক্রম চালু করা হয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলার মানচিত্র

বিভাগীয় শহর রাজশাহী থেকে নীরবে চলে গেল ‘বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবাকেন্দ্র।’ একই সঙ্গে এই কেন্দ্রের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১ আগস্ট থেকে এই আদেশ কার্যকর বলে জানানো হয়েছে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গত বৃহস্পতিবার বিকেলে এ–সংক্রান্ত একটি ই-ইমেইল পেয়েছেন।

দেশের আরও ছয়টি এলাকায় এই সেবাকেন্দ্র রয়েছে। এটি সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের’ একটি প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয়ের ঢাকার তেজগাঁও মনিপুরীপাড়ায়।

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) গোপাল চন্দ্র দাশ স্বাক্ষরিত গত ৩১ জুলাই তারিখের এক চিঠিতে বলা হয়েছে যে ‘জুট এন্ট্রাপ্রেনিউর সার্ভিস সেন্টারের গত ১৪ জুনের সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী জুট এন্ট্রাপ্রেনিউর সার্ভিস সেন্টারে (জেইএসসি) নিয়োজিত জনবলের অব্যাহতিসহ এর সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। এই আদেশ ১ আগস্ট ২০২৩ থেকে কার্যকর বলে গণ্য হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালের আগস্ট মাসে রাজশাহী রেশম কারখানার একটি ভবনের এই সেবাকেন্দ্রের কার্যক্রম চালু করা হয়। এই কার্যালয়ের বিনিময়ে ঢাকায় জেডিপিসিতে রেশম উন্নয়ন বোর্ডের একটি প্রদর্শনী কেন্দ্র করার জন্য জায়গা দেওয়া হয়েছে।

তার বিনিময়ে রাজশাহী রেশম কারখানার ভেতরে তাদের বিক্রয়কেন্দ্রের পাশের দুই কক্ষবিশিষ্ট একটি ভবন জেইএসসির জন্য দেওয়া হয়। তবে দুই বছর সেবাকেন্দ্রটি চালু থাকলেও এর কোনো সাইনবোর্ড দেওয়া হয়নি।

এই কেন্দ্রের কাজ হচ্ছে বহুমুখী পাটপণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণের জন্য জেইএসসির অন্তর্ভুক্ত বিভিন্ন জেলায় সচেতনতা কর্মশালার আয়োজন করা, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের আয়োজন করা, বহুমুখী পাটপণ্যের বাজার সমীক্ষাপূর্বক সম্প্রসারণ ও সম্ভাব্যতা যাচাই, বহুমুখী পাটপণ্যের প্রচার, প্রসার ও ব্যবহার বৃদ্ধি। ঢাকা, চট্টগ্রাম, টাঙ্গাইল, জামালপুর, যশোর, রংপুরে এখনো এই সেবাকেন্দ্র চলছে।

রাজশাহীতে পাটপণ্য নিয়ে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন উম্মে হাজ সিদ্দিকা। তিনি পাটপণ্য নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে রাজশাহীকে পরিচিত করেছেন। তাঁর প্রতিষ্ঠানের কাজে রাজশাহীতে প্রায় চার শতাধিক নারী জড়িত। তিনি এই সেবাকেন্দ্র সম্পর্কে বলেন, প্রায় দেড় শ নারী এই সেন্টারে প্রশিক্ষণ নেওয়ার জন্য ফরম পূরণ করে বসে আছেন।

রাজশাহীতে পরিবেশবান্ধব এই পাটপণ্যের ব্যবহার বাড়ানো এবং উদ্যোক্তা তৈরির জন্য এই সরকারি প্রতিষ্ঠানে বড় ভূমিকা রাখতে পারত। রাজশাহীতে কর্মসংস্থান নেই। শিল্পকলকারখানা নেই। রাজশাহীতে পাটকে কেন্দ্র করে নতুন উদ্যোক্ত তৈরি হলে কর্মসংস্থান বাড়বে। তাই অবিলম্বে সরকারের উচিত এই সিদ্ধান্ত প্রত্যাহার করা।

গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর এই জেইএসসিতে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানে মাত্র দুজন রয়েছেন। তাঁদের একজন সেন্টার ইনচার্জ এবং একজন এমএলএসএস। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময়ও জানতেন না যে সেবাকেন্দ্রটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শুক্রবার সকালে তিনি ফোন করে এই প্রতিবেদককে জানান, গত বৃহস্পতিবার বিকেলে তিনি জেডিপিসি থেকে পাঠানো এক ই-মেইল সূত্রে জেনেছেন কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে।