পাকুন্দিয়ায় সড়কের পাশে পড়ে ছিল ইউপি সদস্যের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কাশেম

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আবুল কাশেম (৫৫) নামের এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পুখিয়া এলাকার সড়কের পাশে তাঁর লাশ পাওয়া যায়।

আবুল কাশেম উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ও মিরদী এলাকার বাসিন্দা।

বুরুদিয়ার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদা বলেন, ইউপি সদস্য আবুল কাশেমের লাশ আজ সকালে নিজ বাড়ি থেকে চার থেকে পাঁচ শ গজ দূরে পুখিয়া গ্রামের সড়কের পাশে পাওয়া গেছে। তিনি খুব ভালো মানুষ ছিলেন। ৪০ দিনের তাবলীগ জামায়াত শেষে তিনি গত বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন।

গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে পাশের বটতলা বাজারে অন্যান্য ইউপি সদস্যদের সঙ্গে চা খেয়েছেন তিনি। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। কী কারণে এ ঘটনা ঘটেছে, তাঁরা কিছুই বুঝে উঠতে পারছেন না।

ইউপি সদস্যের স্ত্রী আমেনা খাতুন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আনুমানিক রাত ৯টার দিকে স্বামীর সঙ্গে মুঠোফোনে তাঁর শেষ কথা হয়। স্বামী তাঁকে জানিয়েছিলেন একটি কাজে ড্রেনেরঘাট বাজারে গিয়েছিলেন। সেখান থেকে বাড়িতে ফিরছেন। এর পর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তাঁরা সারা রাত খোঁজাখুঁজি করেছেন। কিন্তু সন্ধান পাননি। পরে সকালে স্থানীয় লোকজন তাঁর স্বামীর লাশ সড়কের পাশে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন।

তিনি বলেন, তাঁর স্বামী খুব সহজ–সরল স্বভাবের ছিলেন। জানামতে, কারও সঙ্গে তাঁর ঝগড়া বা শত্রুতা ছিল না। তবে কী কারণে তিনি মারা গেলেন বা মুঠোফোনটি বন্ধ, সেগুলোর রহস্য উদ্‌ঘাটনের জন্য তিনি সঠিক আইনি সহায়তা চান।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, আবুল কাশেমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ইউপি সদস্যের গায়ে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শুধু পায়ের নিচে একটু জখম আছে। এটা হত্যা না অন্য কিছু এখনো বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আসল ঘটনা জানা যাবে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।