সিরাজগঞ্জের জমি বিক্রির টাকা নিয়ে ঝগড়ায় যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে জমি বিক্রির টাকা নিয়ে ঝগড়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জুয়েল রানা (৩৮) নামের এক যুবককে হত্যা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা ওই গ্রামের ওসমান গনির ছেলে।

পুলিশ ও নিহত যুবকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে জুয়েল রানা তাঁর খালু আমির চানের কাছে একটি জমি ৭৫ হাজার টাকায় বিক্রি করেন। আমির একই গ্রামের বাসিন্দা। জমি বিক্রির সময় ৫০ হাজার টাকা দিয়ে বাকি ২৫ হাজার টাকা পরে দেওয়ার কথা বলেন তিনি।

আজ সন্ধ্যায় আমিরের কাছে পাওনা থেকে ৫ হাজার টাকা চান জুয়েল। এ সময় টাকা না দিলে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জুয়েল রানার বুকে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেন আমির চান। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এস আই) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল রাখা হয়েছে। নিহত যুবকের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে আমির চান পলাতক।