এক ঝাঁক তরুণ-যুবকের স্বেচ্ছাশ্রমে ঠিক হলো বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক
এক ঝাঁক তরুণ ও যুবক। তরুণ-যুবকদের কেউ বিশ্ববিদ্যালয়ে পড়েন, কেউ আবার চাকরি করেন। যুবকদের মধ্যে আছেন উদ্যোক্তা, ব্যবসায়ী ও সিএনজিচালিত অটোরিকশার চালক। কারও হাতে ঝুড়ি, কারও হাতে ইটের ভাঙা টুকরা। কেউ কোদাল দিয়ে মাটি কাটছেন। কেউ আবার সড়কের উপড়ে যাওয়া ইট ভেঙে যাওয়া স্থানে বসাচ্ছেন। তাঁদের সহযোগিতা ও পরামর্শ দিচ্ছেন এলাকার প্রবীণ সদস্যরা।
এভাবে তরুণ-যুবকদের স্বেচ্ছাশ্রমে চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোকামিপাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় এক কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং আজ বৃহস্পতিবার সকালে তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় এলাকাবাসী সড়ক সংস্কার করেন।
সরেজমিনে দেখা গেছে, হালদা–তীরবর্তী গ্রামের সড়কটি গত এক সপ্তাহের বন্যায় ক্ষতবিক্ষত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইট বিছানো সড়কটির অন্তত পাঁচ থেকে সাত জায়গা ভেঙে জমির সঙ্গে মিশে গেছে। গাড়ি চলাচল তো দূরের কথা, হেঁটে চলাচলও বন্ধ হয়ে যায়। বিকল্প কোনো সড়ক না থাকায় ভোগান্তিতে পড়েন বাসিন্দারা।
স্বেচ্ছাশ্রম দেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরফান ও মিনহাজুল বলেন, ‘নিজেরা চাইলে আমরা যেকোনো কাজ করে মানুষের দুর্ভোগ কমাতে পারি। তাঁরা টানা দুই দিন কাজ করে মোটামুটি চলাচল উপযোগী করেছেন সড়কটি।’ নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদ পারভেজ বলেন, সড়কটি প্রতিবছর ভাঙছে। এবার পরিদর্শন করে ছবি তুলে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কায়সার হামিদ প্রথম আলোকে বলেন, গ্রামের এ সড়কটি ভেঙে প্রতিবছর ভোগান্তি তৈরি হয়। ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে সরকারিভাবে নদীপাড়ে বাঁধ এবং আরসিসি ঢালাই দিয়ে সড়ক বানাতে হবে। অটোরিকশাচালক রাশেদ, তৈয়ব বলেন, ভাঙা সড়কের কারণে ১০ দিন রাস্তায় গাড়ি বের করতে পারছেন। সংসার চালাতে সব সঞ্চয় শেষ করে ফেলেছেন। গ্রামবাসীও অবরুদ্ধ, গাড়িও অবরুদ্ধ। তাঁরা মানবেতর জীবন যাপন করছেন।
এলাকাবাসী জানান, সড়কটি নিচু এবং দুই পাশে প্রতিরক্ষা দেয়াল না থাকায় প্রতি বর্ষায় কোনো না কোনো দুর্যোগে বিভিন্ন স্থানে ভেঙে যায়। সরকারিভাবে আরসিসি ঢালাই ও সড়কের দুই পাশে প্রতিরক্ষা দেয়াল দিয়ে টেকসই করে সড়কটি নির্মাণ করে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
রাউজান উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, বন্যায় মোকামিপাড়া সড়কসহ উপজেলার অনেক সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু এখনো বিভিন্ন জায়গায় বন্যার পানি থাকায় এখনো তারা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা করেনি। পানি নামলে সংস্কারের জন্য তালিকা ধরে বরাদ্দ চাওয়া হবে।
জানতে চাইলে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ প্রথম আলোকে বলেন, রাউজানে বন্যার পানির তোড়ে সড়ক ও সেতুর ৬০ থেকে ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের সমন্বয়ে ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে। এর মধ্যে কেউ স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত করলে সেটি সরকারের কাজে সহায়ক ভূমিকা রাখবে।