ব্লুমস বিশেষায়িত বিদ্যালয়
যেখানে স্বপ্ন দেখে প্রতিবন্ধীরা
প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা হোলি আর্টিজানে জঙ্গিদের গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিম।
জন্মের পর থেকেই উজ্জল সরকার বলতে পারত না, কানেও শুনত না। প্রায় আট বছর আগে শিশুটিকে ভর্তি করা হয় ব্লুমস বিশেষায়িত বিদ্যালয়ে। এখন তিনি ইশারার ভাষায় কথা বলতে এবং লিখে সবকিছু প্রকাশ করতে পারেন। শুধু তা–ই নয়, এই বিদ্যালয়ে সেলাই কাজের প্রশিক্ষণ নিয়ে ২০ বছরের উজ্জল এখন দর্জির দোকানে কাজ করছেন। নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছেন।
মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের অনন্তপুর গ্রামের উজ্জলের মতো প্রসেনজিৎ মনিদাস (১৭), রিয়া আক্তারসহ (১৩) প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন অনেক শিশু–কিশোর বিদ্যালয়টিতে বিনা মূল্যে পড়ালেখা, চিকিৎসাসেবা ও প্রশিক্ষণ নিয়েছে। এসব শিশুকিশোর এখন সমাজের মূলধারায় ফিরেছে।
ব্লুমস বিশেষায়িত বিদ্যালয়ের ব্লুমস–এর মানে বিকনিং লাইট অর্গানাইজেশন অব ম্যানকাইন্ড অ্যান্ড সোসাইটি। এটির প্রতিষ্ঠাতা ২০১৬ সালে গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের ছোড়া গুলিতে নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন সহকারী কমিশনার রবিউল করিম। বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সদস্যসচিব প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান।
প্রতিষ্ঠাতার পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিউলের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম গ্রামে। সমাজের পিছিয়ে পড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের জন্য এমন একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার ইচ্ছা ছিল রবিউলের বাবা আবদুল মালেকের। তবে জীবিত থাকা অবস্থায় তিনি তা করে যেতে পারেননি। ২০০৬ সালে মালেকের মৃত্যুর পর বাবার স্বপ্ন পূরণের ভার নিজের কাঁধে নিয়েছিলেন রবিউল।
তবে এমন একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা সহজ ছিল না। সবার আগে দরকার ছিল জমি। এগিয়ে আসেন মা করিমন নেসা। তিনি বিদ্যালয়ের জন্য ২৯ শতাংশ জমি দান করেন। ২০১১ সালে বাড়ির অদূরে বাসাই গ্রামে মায়ের দান করা সেই জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন রবিউল। পরের বছর ১২ জন অটিস্টিক শিশু-কিশোরকে নিয়ে যাত্রা শুরু হয় বিদ্যালয়টির। বর্তমানে বিদ্যালয়টিতে ৪০ জন শিশু-কিশোর পড়াশোনা ও চিকিৎসাসেবা নিচ্ছে। বেশির ভাগই শ্রবণ, বাক্, শারীরিক প্রতিবন্ধী, অটিজম ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত। সপ্তাহে পাঁচ দিন পাঠদান করা হয়। খেলাধুলার ব্যবস্থাও রয়েছে। শিশুদের ফিজিওথেরাপি ও স্পিচ থেরাপি দেওয়ার পাশাপাশি ইশারায় ভাষা শেখানো হয়। বিদ্যালয়টি থেকে এ পর্যন্ত প্রায় ৩০০ শিশু ও কিশোর পড়ালেখা, চিকিৎসাসেবা ও প্রশিক্ষণ নিয়েছে।
গত সোমবার বেলা ১১টার দিকে সরেজমিন দেখা যায়, একতলা ভবনের বিশাল একটি কক্ষে শিক্ষক শামীমা নাছরিন (শাওন) শিশুদের বর্ণমালা পরিচিতি, গণনা শেখাচ্ছেন। ছড়া শেখাচ্ছেন শিক্ষক শামীমা নাছরিন (সাথী)। শিশুদের কেউ কেউ বুদ্ধিমত্তাবিষয়ক খেলায় মগ্ন। পাশের একটি কক্ষে দুই শিশুকে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম স্পিচ থেরাপি (ভাষা শেখানোর চেষ্টা) এবং শিক্ষক সামিউল আক্তার ফিজিওথেরাপি দিচ্ছেন।
শিক্ষকেরা জানান, ২০১৭ সাল থেকে বিদ্যালয়ে শিশু-কিশোরদের জন্য দুপুরের খাবারের (ডে-মিল) কর্মসূচি চালু করা হয়। বিদ্যালয়ের নিজস্ব ব্যাটারিচালিত দুটি ইজিবাইকে করে শিক্ষার্থীদের আনা–নেওয়া করানো হয়। পোশাক, স্কুলব্যাগ, বই, খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়। বার্ষিক চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দেওয়া হয়। সবকিছুই দেওয়া হয় বিনা মূল্যে।
রবিউল করিমের মৃত্যুর পর তাঁর সহপাঠী ও বন্ধুবান্ধবের পাশাপাশি রবিউলের ছোট ভাই সাংবাদিক শামসুজ্জামান, তাঁর বন্ধু–বান্ধব এবং শুভানুধ্যায়ীদের আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা বলেন, রবিউল শিশুদের খুব ভালবাসতেন। তিনি নিঃস্বার্থ সমাজসেবকের পাশাপাশি একজন স্বাপ্নিক মানুষ ছিলেন। সেই স্বপ্ন থেকেই প্রতিষ্ঠা করেছিলেন ব্লুমস। উম্মে সালমা নিজের দুই শিশুসন্তান সাজিদুল করিম ও কামরুন নাহারকে যেমন ভালোবাসেন, তেমনি স্কুলের প্রতিটি শিক্ষার্থীকেও ভালোবাসেন। এই স্কুলের শিশুদের মধ্যে স্বামীর স্বপ্ন খুঁজে বেড়ান তিনি।
ব্লুমস পরিচালনা পরিষদের সভাপতি জে আর শওকত আলী জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত প্রতিষ্ঠানটি সমাজের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুদানের ওপর নির্ভরশীল। এখানে এলাকার হতদরিদ্র, অনগ্রসর, প্রান্তিক, শারীরিক ও মানসিক সক্ষমতাহীন শিশু-কিশোরদের পড়ানো হয়।
বর্তমানে বিদ্যালয়টিতে আর্থিক–সংকট চলছে জানিয়ে পরিচালক (প্রশাসন) নূর সিদ্দিকী বলেন, বিদ্যালয়টিতে চারজন শিক্ষক ও চারজন কর্মচারী রয়েছেন। আর্থিক–সংকটের কারণে দুই মাস ধরে তাঁদের বেতন দেওয়া যাচ্ছে না। গত রমজানে শিশুদের মাঝে ইফতারি ও খাবার দেওয়া হলেও এবার তা সম্ভব হচ্ছে না। এ ছাড়া প্রতিবছর এসব শিশু-কিশোরদের ঈদে নতুন জামা দেওয়া হলেও এবার তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা না থাকলেও তাঁর ভাইসহ (শামসুজ্জামান) পরিষদের অন্য সদস্যরা বিদ্যালয়টি পরিচালনার দায়িত্বে রয়েছেন। চলমান আর্থিক–সংকটের কারণে শিশুদের জন্য শিক্ষা ও ফিজিওথেরাপির সরঞ্জমাও কেনা যাচ্ছে না বলে তিনি জানান।