ফেরি থেকে পড়ে নদীতে ডুবল প্রাইভেট কার, ২ ঘণ্টার চেষ্টায় উদ্ধার
নারায়ণগঞ্জে থেমে থাকা ফেরি থেকে একটি প্রাইভেট কার শীতলক্ষ্যা নদীতে পড়ে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাতটার দিকে গাড়িটি নদী থেকে তীরে তোলা হয়। এ ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হননি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট থেকে ফেরিতে ওঠে একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-ঘ-১৭-৩২২৪)। এ সময় ফেরিতে অন্য গাড়িও ওঠানো হচ্ছিল। হঠাৎ প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির সামনের রশির ব্যারিয়ার ছিঁড়ে নদীতে পড়ে যায়। গাড়িটি কয়েক মিনিট ভেসে থাকে। এ সময় ভেতরে থাকা চালক জাকির হোসেন জানালা খুলে বেরিয়ে আসতে সক্ষম হন। গাড়িটি ৫-৭ মিনিট নদীতে ভেসে থাকা অবস্থায় কয়েকটি নৌকার মাঝি অন্যরা গাড়িটিকে নদীর তীরে ভেড়ানোর চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে প্রাইভেট কারটি নদীতে ডুবে যায়।
এদিকে প্রাইভেট কার নদীতে পড়ে যাওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নদীর তীরে শত শত মানুষ ভিড় করেন। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও বন্দর সার্ভিস এবং নৌ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ডুবুরি দল পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরি দল দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাতটার দিকে ডুবে যাওয়া প্রাইভেট কারটিকে রশি দিয়ে বেঁধে এবং ইঞ্জিনচালিত নৌকা ও স্থানীয় লোকজনের সহায়তায় তীরে তোলে।
প্রাইভেট কারটির মালিক রাজধানীর বনানী এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাহমুদ রুদ্র। তিনি একজন ঠিকাদার। তিনি প্রথম আলোকে জানান, তিনি ও তাঁর এক বন্ধুকে সঙ্গে নিয়ে ব্যবসায়িক কাজে নারায়ণগঞ্জের বন্দরে একটি ডকইয়ার্ডে এসেছিলেন। বাড়ি ফেরার পথে ফেরিতে তাঁর গাড়ি উঠলে তিনি ও তাঁর বন্ধু গাড়ি থেকে নেমে দাঁড়ান। এ সময় চালক গাড়িটিকে পার্ক করতে গিয়ে সম্ভবত ভুলবশত দুর্ঘটনাটি ঘটে। তিনি জানান, এতে কারও কোনো গাফিলতি নেই, এটি চালকের অসাবধানতার ফল।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম প্রথম আলোকে বলেন, চালকের অসতর্কতার কারণে গাড়িটি ফেরি থেকে নদীতে পড়ে যায়। তবে চালক নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। তিনি বলেন, স্থানীয় লোকজনের দেখানোমতে ডুবুরি দল গাড়ির সঙ্গে রশি বেঁধে ইঞ্জিনচালিত নৌকা ও স্থানীয় লোকজনের সাহায্যে গাড়িটি টেনে ওপরে তোলে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আশরাফ উদ্দিন মোক্তার প্রথম আলোকে বলেন, প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরি থেকে নদীতে পড়ে ডুবে যায়। প্রাইভেট কারের ভেতরে থাকা চালক জানালা খুলে বেরিয়ে এসেছেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।