জৈন্তাপুরের লাল টিলার মায়ায়

সিলেটের জৈন্তাপুরের লাল টিলা। এ টিলাতেই ঘুরতে যান দর্শনার্থীরাছবি: সুমনকুমার দাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্য তখন অস্তগামী। রক্তিম আলোয় ভাসছে চরাচর। দূরের পাহাড়ে খেলা করছে আবছা আঁধার। ছোপ ছোপ মেঘেরাও ভাসছে আকাশে। গোধূলি তার মনোরম সৌন্দর্য মেলে ধরেছে। এপাশে সারি সারি লাল টিলা, ওপাশে সবুজ গাছপালায় আচ্ছাদিত পাহাড়। মাঝখানে পানি শুকিয়ে আসা নিস্তেজ জলাশয়, পোড়ো জমি আর গোচারণভূমি। সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর ছাড়া এমন দৃশ্য আর কোথায়ই–বা দেখা যাবে।

জায়গাটা বাংলাদেশ-ভারতের সীমান্তের লাগোয়া। শ্রীপুর চা-বাগানের বিপরীতে অতি উঁচু লাল রঙের টিলার চূড়ায় একটা একাকী নিঃসঙ্গ গাছ। তাতে হেলান দিয়ে দূরে ভারতের মেঘালয়ের পাহাড় দেখছেন এক জোড়া নর–নারী। সঙ্গে আমরাও।

সন্ধ্যার আকাশে অদ্ভুত মায়া ছড়িয়ে পড়ছে। ধীরে ধীরে আঁধার নেমে আসছে। টিলার মাঝবরাবর সাপের মতো আঁকাবাঁকা বহমান লাল মাটির পথ অন্ধকারে যেনবা আরও দৃশ্যগোচর হয়ে ওঠে। মাটির ঠিক গা ঘেঁষে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কিছু ছোট আকারের গাছে মৃদু মৃদু হাসছে গোলাপি-সাদা বুনোফুল। একটু পরপরই ভেসে আসতে শুরু করেছে শিয়ালের হুক্কাহুয়া ডাক।

অন্ধকারে লাল মাটির পথ আরও দৃশ্যমান হয়ে ওঠে
ছবি: প্রথম আলো

টিলার ঠিক এক পাশেই বছর পঞ্চাশ বয়সের এক চানাচুরওয়ালা হাঁক দিলেন, ‘ঝাল মুড়ি-ই-ই-ই, অ্যাই-ই-ই ঝালেঝুলে ছানাচু-উ-উ-র!’ কাছে গিয়ে তাঁর সঙ্গে আলাপ জমাই। চানাচুরওয়ালার মুখভর্তি সফেদ দাড়ি। সাদা গোঁফের নিচে ঠোঁটে খেলা করছে হাসি। মাথায় খয়েরি টুপি। আপনমনে ক্রেতাদের একের পর এক তৈরি করে দিচ্ছেন চানাচুর আর ঝালমুড়ি। তাঁর বাড়ি জৈন্তাপুরের আসামপাড়া গুচ্ছগ্রামে।
এখানে এই টিলায় প্রতিদিন আশপাশের তো বটেই, দূরদূরান্ত থেকেও হাজারো মানুষ আসেন। লাল টিলার চূড়ায় বসে গল্প-আড্ডায় সময় কাটান। এখান থেকে কিছুটা হাঁটাপথ পেরোলেই ভারতের মেঘালয়। সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। তবে রাষ্ট্রের অদৃশ্য সীমারেখা নিষেধের আঙুল উঁচিয়ে রাখে। কেউ-ই সে রেখা অতিক্রম করে যায় না।

চানাচুরওয়ালার সঙ্গে কথা শেষে আবার যাত্রা শুরু হয়। আমাদের গাড়ি ছুটে চলে পাশের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের দিকে। তামাবিল দিয়ে যাওয়ার সময় দেখি, রাস্তার বাঁ দিকে কেটে ফেলা একটি লাল টিলায় দু–একটি আধা পাকা ঘর সাংঘাতিক ঝুঁকি নিয়ে ঝুলছে! মনে হচ্ছে, একটু বাতাস দিলেই ধসে পড়বে! কিছুক্ষণ পরই পৌঁছে গেলাম জাফলংয়ের জিরো পয়েন্টের পাশের গুচ্ছগ্রাম ও বিজিবি ক্যাম্প এলাকার এক উঁচু টিলায়। রাত হয়ে গেলেও পর্যটকেরা তখনো আছেন। পাহাড়ি বাতাস শরীরে মাখিয়ে যে যাঁর মতো ঘুরে খাচ্ছেন-দাচ্ছেন এবং বেড়াচ্ছেন।

সিলেটের জাফলং গুচ্ছগ্রামে নাজিম উদ্দিনের পাথর খোদাইয়ের দোকান
ছবি: প্রথম আলো

গুচ্ছগ্রামের টিলাটি বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী। সামান্য দূরেই ভারতের ডাউকি বাজার। সেখানে সারি সারি টিলা। সেখানকার গাছগাছালিভরা সবুজ পাহাড়ের ঢালে দৃষ্টিনন্দন সব বসতি। রাতের বেলায়ও তার আলাদা সৌন্দর্য দেখার মতো। দূরের ডাউকি বাজারের উঁচু-নিচু পাহাড়ে যখন বাতি জ্বলে, তখন দেখতে অনেকটা জোনাকি পোকার গুচ্ছের মতোই মনে হয়।

অন্ধকার হাতড়ে জাফলং জিরো পয়েন্টমুখী গুচ্ছগ্রামের রাস্তা ধরে হাঁটলাম। এপাশে-ওপাশে অসংখ্য স্থায়ী-অস্থায়ী দোকানপাট। হাঁটতে হাঁটতেই এক জায়গায় দেখা মেলে নাজিম উদ্দিন নামের এক দোকানির। বয়স ৩৩ বছর। রাস্তার পাশে উন্মুক্ত একটি স্থানে বসে পাথরে রং দিয়ে ভালোবাসার চিহ্ন আঁকছিলেন। পাশেই কাঠের তাকে রাখা অসংখ্য পাথর। সেখানে পাথর খোদাইয়ের পাশাপাশি রংতুলি দিয়ে নানা বাক্য লিখে রেখেছেন তিনি। পর্যটকদের কেউ কেউ ভ্রমণের স্মৃতিচিহ্ন হিসেবে এসব কিনেও নিচ্ছেন।

সিলেটের ওপারেই ডাউকি বাজার। সন্ধ্যায় জোনাকি পোকার মতো মিটিমিটি জ্বলছে বৈদ্যুতিক বাতি
ছবি: প্রথম আলো

নাজিমের দোকানের নাম ‘আল্লাহর দান কারুশিল্প’। জাফলং গুচ্ছগ্রামেরই বাসিন্দা তিনি। নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। আর্থিক অসচ্ছলতার কারণে কিশোর বয়সেই পাথর খোদাইয়ের কাজ শিখেছেন স্থানীয় কারুশিল্পী কুতুব মিয়ার কাছ থেকে। এরপর প্রায় ২১ বছর ধরে এ পেশায় আছেন। শুক্র ও শনিবার যখন পর্যটকদের ঢল নামে, তখন তাঁর আয় হয় দিনে ৭০০ থেকে ৮০০ টাকা। অন্য দিনগুলোতেও কিছু হয়। এ আয়েই চলে চারজনের পরিবার।


নাজিমের কাছ থেকে বিদায় নিয়ে আবার এলোমেলো হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে কিছুটা ক্লান্তিও এসেছে। আমরা গুচ্ছগ্রামে নিরিবিলি একটি জায়গায় প্লাস্টিকের চেয়ার পেতে বসি। চায়ের কাপে চুমুক দিতে দিতে আমরা এপাশ থেকে ওপাশের রাতের ডাউকি বাজার দেখি। হু হু করে আসা বাতাস মন স্নিগ্ধ করে দিতে থাকে। চোখ হারিয়ে যায় রাতের আকাশের পেটকাটা চাঁদে।