একসঙ্গে পৃথিবীতে এসেছিল, একসঙ্গে চলেও গেল দুই বোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুকুরে ডুবে মারা যাওয়া যমজ দুই বোন সিন্তু ও সিয়া মনি
ছবি সংগৃহীত

চার বছর বয়সী যমজ দুই বোন, দুজনের পরনেই গোলাপি রঙের ফ্রক। হুট করে দেখলে চেহারায় পার্থক্যও করা যায় না। নতুন পোশাক পরে তোলা দুই বোনের এই ছবির দিকে তাকাতে পারছেন না তাদের মা। তাকালেই বুকটা মোচড় দিয়ে উঠছে।

এমন ফুটফুটে পরির মতো মেয়ে দুটি ঘরে ছোটাছুটি করত সারা দিন। তাদের মায়ের মতে, বয়সের তুলনায় একটু বেশিই চটপটে ছিল দুজন। ছুটতে ছুটতে ঘরের বাইরে চলে গেলে প্রতিবেশীরা দিয়ে যেতেন। কিন্তু এবার তা হলো না। ফিরল না আর দুই বোন। একসঙ্গে পৃথিবীতে এসেছিল তারা। আর একসঙ্গেই মা-বাবার বুক খালি করে চলে গেল তারা।  

গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে দুই বোন সিন্তু মনি ও সিয়া মনির লাশ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন প্রতিবেশীরা। সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ এলাকায় বাড়ির পাশের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়।

সিন্তু ও সিয়া এরশাদ আলী ও নাসরিন আক্তার দম্পতির মেয়ে। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে নিঃসন্তানে পরিণত হলেন তাঁরা। সীতাকুণ্ডের একটি জাহাজভাঙা কারখানায় কাটারম্যানের সহকারী হিসেবে কাজ করেন এরশাদ আলী। চার বছর আগে ২০১৯ সালে একই ইউনিয়নের জোড়ামতল ছড়ারকুল এলাকার নাসরিন আক্তারের সঙ্গে বিয়ে হয় তাঁর। ৯ মাস পর ঘর আলো করে আসে দুই যমজ কন্যা।

আজ শনিবার সকালে এরশাদ আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, মুঠোফোনে মেয়েদের ছবি দেখে বিরামহীন কাঁদছেন নাসরিন আক্তার। আত্মীয়-পরিজনেরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন।

বাক্‌রুদ্ধ কণ্ঠে নাসরিন বললেন, বয়স চার বছর হলেও ছয়-সাত বছরের শিশুদের মতো এদিক-ওদিক ছোটাছুটি করত তারা। নাড়ি ছেঁড়া দুই কন্যা সারাক্ষণ ঘরটাকে মাতিয়ে রাখত। ঘর থেকে বের হতে পারলেই রাস্তায় দৌড়াদৌড়ি করত বলে এলাকার লোকজন কিংবা প্রতিবেশীরা ঘরে এনে দিয়ে যেতেন।

বিলাপ করতে করতে নাসরিন বলতে থাকেন, গতকাল তাঁর নানি এসেছিলেন তাদের নিয়ে যাওয়ার জন্য। নানিকে দেখার সঙ্গে সঙ্গে নতুন পোশাক পরার জন্য বায়না ধরে দুজন। বাধ্য হয়ে নতুন পোশাক বের করে পরিয়ে দেন। এর কোনো এক ফাঁকে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

পাশের বাড়ির পুকুরের পানিতে এখনো ভাসছে সিন্তু ও সিয়া মনির পছন্দের লাল রঙের ভুভুজেলা বাঁশি, ছোট্ট এক পাটি জুতা। এই দুটি জিনিস দেখলেই আবেগপ্রবণ হয়ে উঠছেন স্বজনেরা।

এই পুকুরে ডুবেই মৃত্যু হয় দুই বোনের, পুকুরে এখনো ভাসছে তাদের খেলনা, জুতা। আজ দুপুরে সীতাকুণ্ডের সোনাইছড়িতে
প্রথম আলো

তাদের প্রতিবেশী রমজান আলী প্রথম আলোকে বলেন, পুকুরের চারপাশে টিনের ঘেরা রয়েছে। পুকুরে যেতে হলে ওই বাড়ির মূল ফটক দিয়ে ঢুকতে হবে। ফটকটির দরজা সব সময় লাগানো থাকে। কীভাবে দরজা খুলে শিশু দুটি ঢুকে ঘাটে নেমে পুকুরে পড়ে যায়, কেউ জানে না। কেউ ধারণাও করতে পারেনি যে শিশু দুটি ওই পুকুরে ডুবে মরে যাবে।

এরশাদ আলী বলেন, যখন থেকে তাঁর দুই কন্যা শক্ত খাবার খেতে শুরু করেছে, তখন থেকে বাড়িতে ঢুকলেই দুটি করে চিপস আনতেন। কাল তারা এত বেশি চিপস খেতে চেয়েছিল যে পাঁচবার চিপস কিনে দিয়েছেন তিনি। তবুও তাঁর কোল খালি করে চলে গেছে কন্যারা। লাশ তোলার সময় একজন আরেকজনের হাত ধরে ছিল। একসঙ্গে পৃথিবীতে এসেছিল, একসঙ্গে চলে গেল।