মা মারা যাওয়ার ১০ ঘণ্টা পর ছেলের মৃত্যু, পরিবারে শোক

গুলবাহার বেগমের জানাজা। আজ দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি গ্রামেছবি: প্রথম আলো

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গুলবাহার বেগম (৮৫) গতকাল বুধবার গভীর রাতে নিজ বাড়িতে বার্ধক্যের কারণে মারা যান। তাঁর মৃত্যুর ১০ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার দুপুরে মারা যান তাঁর একমাত্র ছেলে নলু মিজি (৬৫)। ১০ ঘণ্টার কিছু বেশি সময়ের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যুতে পরিবারে চলছে শোক।
পরিবার ও স্থানীয় লোকজন জানান, বৃদ্ধা গুলবাহার বেগম মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি গ্রামের মৃত দুধ মিয়ার স্ত্রী। তাঁর চার মেয়ে ও এক ছেলে। একমাত্র ছেলে নলু মিজি দীর্ঘদিন ধরে ক্যানসারসহ নানা রোগে ভুগছিলেন।

স্বজনেরা বলেন, গুলবাহার বেগম বার্ধক্যের কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। ১০ থেকে ১৫ দিন আগে হাঁটতে গিয়ে বাড়ির উঠানে পড়ে গিয়ে তাঁর পা ভেঙে যায়। এর পর থেকে তাঁর অসুস্থতা আরও বেড়ে যায়। গতকাল দিবাগত রাত আড়াইটায় নিজ বাড়িতে তিনি মারা যান। মায়ের মৃত্যুতে ছেলে নলু মিজি মানসিকভাবে ভেঙে পড়েন। আজ বেলা পৌনে একটায় তিনিও মারা যান। নলু মিজির তিন মেয়ে ও দুই ছেলে।
নলু মিজির ভাগনে গোলাম নবী ও জিসান আহমেদ জানান, অল্প সময়ের মধ্যে তাঁদের মামা ও নানি মারা যাওয়ায় পরিবারে শোকের মাতম চলছে। আজ দুপুরে পারিবারিক কবরস্থানে তাঁদের নানির লাশের দাফন সম্পন্ন হয়। সন্ধ্যার পর মামা নলু মিজির লাশ নানির কবরের পাশে দাফন করা হবে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান বলেন, অল্প সময়ের ব্যবধানে মা-ছেলের মৃত্যুর খবর জেনেছেন। স্বাভাবিক মৃত্যু হওয়ায় থানায় কোনো অভিযোগ আসেনি।