সাগরপথে মিয়ানামারে সার পাচারের চেষ্টা, বিএনপির তিন নেতা-কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাই উপকূল হয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে পুলিশের করা একটি মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তিনজন হলেন মহসিন সম্রাট (৫৭), আজাহার উদ্দিন (২২) ও ফাবিয়াতুল ফারাবী (২৪)। এর মধ্যে মহসিন সম্রাট উপজেলার ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ফারাবী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি। আজাহার উদ্দিন ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনজনই স্থানীয় বিএনপির কর্মসূচিতে সক্রিয়। তাঁদের সবার বাড়ি ওসমানপুর ইউনিয়নে।
গত ৩১ সেপ্টেম্বর রাতে মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকা থেকে সারবোঝাই দুটি ট্রাক জব্দ করে পুলিশ। দুটি ট্রাকে ১৫ হাজার ৫০ কেজি সার ছিল। এসব সার ট্রাক থেকে মাছ ধরার নৌযানে বোঝাই করার সময় জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে তিন শ্রমিককে আটক করে পুলিশ। ওই দিন রাতেই এ ঘটনায় ১৫ জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় একটি মামলা করেন থানার উপপরিদর্শক মতিউর রহমান।
পুলিশ জানায়, ঘটনাস্থলে আটক হওয়া ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে মহসিন সম্রাট, আজাহার উদ্দিন ও ফাবিয়াতুল ফারাবীর যোগাযোগ ছিল। এরই সূত্র ধরে তাঁদের গ্রেপ্তার করা হয়। সার পাচারের চেষ্টার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া সার পাচারের ঘটনাটির সঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবরের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্যও মিলেছে। আজ সোমবার ভোরে তাঁকে গ্রেপ্তার করতে তাঁর একটি কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। তবে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শওকত আকবর উপজেলার কাটাছড়া ইউনিয়নের বাসিন্দা। তিনি পলাতক বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
পুলিশের কর্মকর্তারা জানান, দুই মাস ধরে মিরসরাই উপজেলার সাগর উপকূলের নির্জন এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচার করা হচ্ছে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকা দিয়ে পাচার করার সময় ৪২ হাজার কেজি ইউরিয়া সার, চারটি ট্রাক ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করে কোস্টগার্ড। সর্বশেষ গত শুক্রবার রাতে মিরসরাই উপকূলে ১৫ হাজার কেজি সারসহ একটি ট্রাক ও এর চালককে আটক করে পুলিশ। এসব সার পাচারে একই চক্র জড়িত বলে ধারণা পুলিশের।
জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে পরিচালিত তদন্ত কার্যক্রমের সূত্র ধরে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরও বলেন, ‘সার পাচারের সঙ্গে জড়িত চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে।
জানতে চাইলে মিরসরাইয়ের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘অপরাধীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। সংকটের কারণে পার্শ্ববর্তী দেশে সার পাচার এখন দেশের জন্য স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। সার পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা দেশ ও জাতির শত্রু। তাঁদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে পুলিশকে আমরা সব ধরনের সহযোগিতা করব।’