বাগমারার পুলিশকে বিএনপি নেতার ১৫ দিনের আলটিমেটাম

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত। গতকাল রোববার বিকেল ভবানীগঞ্জ কুটিরশিল্প মাঠেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দিনে রাজশাহীর বাগমারায় অস্ত্র হাতে মহড়া দেওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ক্যাডারদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে পুলিশকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন বিএনপির এক নেতা। এই সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বাগমারায় থাকতে পারবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি।

গতকাল রোববার বিকেলে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌর বিএনপির সম্মেলনে বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত এ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ শাহিন শওকত বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী, অস্ত্রধারী গুন্ডাদের গ্রেপ্তার করেননি। তাঁদের না ধরে অপরাধের মাত্রা কিন্তু বাড়িয়েছেন, অপরাধ করেছেন, জনগণের কাছে এর জবাবদিহি করতে হবে।’ হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘আপনাদের ১ মাসের নয়, ১৫ দিনের সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যে অস্ত্রধারী ব্যক্তিদের গ্রেপ্তার না করলে বাগমারা থেকে আপনাদের বিতাড়িত করা হবে।’ এ সময় উপস্থিত নেতা-কর্মীরা হাততালি দিয়ে তাঁর বক্তব্যকে সমর্থন করেন।

সম্মেলনে স্থানীয় বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দিনে বাগমারায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ক্যাডাররা প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়েছেন। তাঁরা এসব অস্ত্র নিয়ে জনতার ওপর হামলা করেছেন। তবে এসব অস্ত্রধারী ব্যক্তিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। প্রশাসন তাঁদের ধরছে না।
বিএনপির তাহেরপুর পৌর শাখার সভাপতি আবু নঈম মো. শামসুর রহমান ওরফে মিন্টু অভিযোগ করেন, কোন শক্তির বলে অপরাধীরা গ্রেপ্তার হচ্ছেন না, এ প্রশ্ন তোলেন তিনি।

দলের উপজেলা শাখার আহ্বায়ক ডি এম জিয়াউর রহমান বক্তব্যে অভিযোগ করেন, স্থানীয় প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা আছেন। তাঁরা সঠিক কাজ করছেন না। তাঁদের এখানে রাখার কোনো যৌক্তিকতা নেই বলে উল্লেখ করে অপসারণের দাবি জানান তিনি।

এ বিষয় বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ৫ আগস্টের ঘটনার বিষয়ে যেসব মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আসামি ও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। বিএনপি নেতার ১৫ দিনের আলটিমেটামের বিষয়ে বলেন, ‘যদি চলে যেতে হয়, যাব।’