শীত থেকে বাঁচতে ঘরে রাখতেন আগুনের পাত্র, সেই আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
শীত থেকে বাঁচার জন্য মাটির পাত্রে আগুন রেখে পাশে ঘুমিয়ে পড়েছিলেন ৭০ বছরের বৃদ্ধা ফিরোজা বেওয়া ওরফে হেরেজা। সেই আগুন থেকে ঘর পুড়ে মৃত্যু হয়েছে তাঁর। আজ শুক্রবার ভোরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের পাবনাপাড়ায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ফিরোজা বেওয়া একই গ্রামের মৃত আদম আলী মেয়ে।
ফিরোজার ভাই সুরত আলী বলেন, অনেক আগে স্বামী-সন্তান মারা যাওয়ায় বোন ফিরোজা বেওয়া তাঁর বাড়ির পাশেই একটা টিনের ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন। মেঝেতে খড়কুটো বিছিয়ে ঘুমাতেন। ঘরটিতে ঘুমানোর সময় শীত নিবারণে জন্য একটি মাটির পাত্রে আগুন জ্বালিয়ে রাখতেন। বৃহস্পতিবার রাতেও একই কায়দায় তিনি ঘুমিয়ে পড়েন। আজ ভোরে পাশে রাখা ওই আগুনের পাত্র থেকে ঘরে রাখা পাটকাঠিতে আগুন লাগে। মুহূর্তেই ঘরটি দাউ দাউ করে জ্বলে উঠে। ঘরের দরজা বন্ধ থাকায় তাঁর বোন বের হতে পারেননি। আগুনের তীব্রতায় তাঁরাও ঘরে ঢুকে বোনকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর আগেই ঘরটি পুড়ে যায়। পরে ঘর থেকে তাঁর বোনের দগ্ধ লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বাগাতিপাড়া ফায়ার সার্ভিসের ফায়ার লিডার নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘর থেকে পুড়ে যাওয়া বৃদ্ধার দগ্ধ কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির পাত্রে রাখা আগুন থেকেই ঘরে আগুন লেগেছে।
এ ব্যাপারে বাগাতিপাড়া থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান বলেন, বৃদ্ধার লাশ তাঁর ভাইদের কাছে হস্তান্তর করা হয়েছে।