‘কমিউনিস্টদের আত্মদান বিফলে যায়নি’

রাজশাহীতে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস উপলক্ষে সিপিবির আলোচনা সভা। শুক্রবার বিকেলে নগরের সাহেব বাজার এলাকায়ছবি: প্রথম আলো

‘শহীদ কমিউনিস্ট বিপ্লবীদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না, শোষণের শৃঙ্খল ভেঙে মুক্তির লড়াইকে অগ্রসর করুন’ স্লোগান সামনে রেখে রাজশাহীতে গণজমায়েত ও আলোচনা সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার বিকেলে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। সভা থেকে ২৭ এপ্রিল ‘বৈষম্যমূলক’ মার্কিন বাণিজ্যচুক্তির প্রতিবাদে জাতীয় সংসদ ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা ১৯৫০ সালের ২৪ এপ্রিলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরেন। তাঁরা বলেন, তৎকালীন মুসলিম লীগ সরকারের পুলিশ বাহিনী নিরস্ত্র কমিউনিস্ট রাজবন্দীদের ওপর নির্বিচার গুলি চালিয়েছিল। এতে কম্পরাম সিংহ, সুধীন ধর, বিজন সেন, হানিফ শেখ, সুখেন্দু ভট্টাচার্য, দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন—এই সাতজন কমিউনিস্ট নেতা শহীদ হন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসের প্রথম জেল হত্যাকাণ্ড।

আরও পড়ুন

বক্তারা আরও বলেন, কমিউনিস্টদের এই আত্মদান বিফলে যায়নি, এর বিনিময়েই বাতিল হয়েছিল অমানবিক জেল কোড। তাঁরা ঐতিহাসিক এই দিনকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় খাপড়া ওয়ার্ড দিবস’ হিসেবে ঘোষণা এবং পাঠ্যপুস্তকে এই বীরত্বগাথা অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।

সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে সিপিবির নেতারা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যচুক্তির তীব্র সমালোচনা করেন। চুক্তিটিকে ‘গোলামি চুক্তি’ আখ্যা দিয়ে তাঁরা বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশকে প্রাথমিকভাবে ১৫ হাজার কোটি টাকা শুল্ক দিতে হবে। চুক্তিটি পুরোপুরি বাস্তবায়িত হলে অতিরিক্ত আরও ১৯ শতাংশ শুল্ক গুনতে হবে। অন্যদিকে দেশে মার্কিন পণ্য আমদানিতে কোনো শুল্ক দিতে হবে না বলে অভিযোগ করেন তাঁরা।

নেতারা বলেন, এমন বৈষম্যমূলক চুক্তি এ দেশের জনগণ মেনে নেবে না। এই চুক্তি বাতিলের দাবিতে ২৭ এপ্রিল সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সংসদ ঘেরাও করা হবে। সেই সঙ্গে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মেহনতি শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর গণজাগরণ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী (রতন), কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রাগিব আহসান (মুন্না), সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম (ফরিদ), কেন্দ্রীয় কমিটির সদস্য নিমাই গাঙ্গুলি, সিপিবির রাজশাহী জেলা সভাপতি জুলফিকার আহমেদ (গোলাপ), রাজশাহী মহানগর সিপিবির সভাপতি আইয়ুব হোসেন (কাইয়ুম), রাজশাহী জেলা সিপিবির অজিত কুমার মন্ডল, মনিরা বেগম (অনু) প্রমুখ।