শ্রীপুরে তালাবদ্ধ ঘরে নারী পোশাকশ্রমিকের লাশ, স্বামী উধাও
গাজীপুরের শ্রীপুর উপজেলায় তালাবদ্ধ ঘরে পোশাক কারখানার এক নারী শ্রমিকের লাশ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার বেড়াইদেরচালা গ্রামের একটি ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহত ওই নারীর স্বামী পলাতক রয়েছেন।
লাশ উদ্ধার হওয়া ওই নারীর নাম রিপা আক্তার (২৫)। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কানিয়াকান্দি গ্রামে। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগাড়া গ্রামের মো. মনির হোসেনের স্ত্রী। নিহত রিপা আক্তার শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামে ভাড়া বাসায় থেকে স্থানীয় গোল্ডেন গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় সুইং মেশিন অপারেটর পদে চাকরি করতেন।
আজ বৃহস্পতিবার সকালে বেড়াইদেরচালা গ্রামের ওই বাড়িতে গিয়ে নারী ও শিশুদের ভিড় দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রিপার স্বামী মনির হোসেন ঢাকার মিরপুর এলাকায় রিকশা চালান। তিনি গত সোমবার বেড়াইদের চালা গ্রামে রিপার ভাড়া বাসায় আসেন। ১ নভেম্বর রিপা ঘর ভাড়া নেন। এর আগে ১৫ দিন ধরে পাশে ঘরের জেসমিন আক্তার নামের এক সহকর্মীর সঙ্গে থাকতেন রিপা।
জেসমিন আক্তার প্রথম আলোকে বলেন, আড়াই বছর আগে রিপার সঙ্গে মনির হোসেনের বিয়ে হয়। তবে দুজন দীর্ঘদিন আলাদা থাকছিলেন। রিপা কারখানায় চাকরি নেওয়ায় পর ঘর ভাড়ার উদ্দেশ্যে বেড়াইদেরচালা গ্রামে আসেন। সেখানে ১৫ দিন তাঁর সঙ্গে (জেসমিন) থেকে কারখানায় কাজ করছিলেন। গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে রিপা ও তাঁর স্বামীকে একই ঘরে দেখা যায়। পরে তিনি (জেসমিন) কাজ শেষে রাত সাড়ে আটটায় বাসায় ফিরে রিপার ঘর তালাবদ্ধ দেখতে পান। ঘরের সামনে কোনো জুতা না থাকায় সন্দেহ হয়। তিনি দরজার নিচ দিয়ে দেখতে পান ঘরের মেঝেতে রিপার লাশ পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাঁর স্বামীর মোবাইলে কল দিলে সেটি বন্ধ পান তিনি। একই সঙ্গে রিপার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে খবর পেয়ে রাতে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে জানার জন্য নিহত রিপার স্বামী মনির হোসেনের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। শ্রীপুর থানার উপপরিদর্শক(এসআই) মো. ইসলাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মৃত্যুর খবর পেয়ে সিরাজগঞ্জ থেকে রিপার ভাড়া বাসার উদ্দেশে রওনা হয়েছেন তাঁর ভগ্নিপতি মো. লিখন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আড়াই বছর আগে প্রেম করে বিয়ে হয় রিপা ও মনিরের। বুধবার রাতে রিপার লাশ পাওয়ার খবর পেয়েছেন তাঁরা। এটা কীভাবে ঘটল, বিস্তারিত কিছুই এখনো নিশ্চিত হতে পারেননি।