চনপাড়ায় আবারও গোলাগুলি, এক পথচারী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে মাদক ব্যবসায়ীদের দুটি পক্ষের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মো. সৈয়দ খাঁ (৫৫) নামের এক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। এতে উভয় পক্ষের কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চনপাড়ার অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়া কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাত ও আজ বুধবার দুপুরে পুলিশের তালিকাবদ্ধ মাদক ব্যবসায়ী মো. শমসের ও শাহাবুদ্দিনের সঙ্গে জয়নাল আবেদিনের অনুসারীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাঁদের কারও পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে গত এক মাসে এ দুই পক্ষের মধ্যে তিনটি বড় ধরনের সংঘর্ষ হলো।
গুলিবিদ্ধ সৈয়দ খাঁ চনপাড়া পুনর্বাসনকেন্দ্রের ২ নম্বর গলির বাসিন্দা। তাঁর ছেলে জুলহাস খাঁ জানান, তাঁর বাবা ইটভাঙার কাজ করেন। আজ দুপুরে ইটভাঙার কাজ শেষ করে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় চনপাড়া পুনর্বাসনকেন্দ্রের ২ নম্বর ওয়ার্ড এলাকায় শমসের ও শাহাবুদ্দিনের অনুসারীদের সঙ্গে জয়নালের অনুসারীদের সংঘর্ষ চলছিল। একপর্যায়ে জুলহাস খাঁর বাবার বুকে একটি গুলি এসে লাগে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, বৃদ্ধের বুকে একটি গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
এদিকে চনপাড়া পুনর্বাসনকেন্দ্রের কয়েকজন বাসিন্দা পরিচয় গোপন রাখার শর্তে প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে চনপাড়ায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করতে চনপাড়ায় আসেন। এ সময় এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি জয়নাল আবেদিন ও মো. শমসের লোকজন নিয়ে সেখানে যান। মন্ত্রী এলাকা থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শমসেরের লোকজন জয়নাল আবেদিনের ওপর হামলা চালান। এ সময় জয়নালের অনুসারীরা তাঁকে নিয়ে বাড়ি চলে যান।
এ ঘটনার পর রাত আটটায় মো. শমসের জয়নালের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে আপস–মীমাংসার কথা বলেন। একই সময় ৪ নম্বর গলির উজ্জ্বল, মো. রনি ওরফে মাল্টা রনি, মো. রবিন, ৬ নম্বর গলির মো. হাসিব, নশু মিয়ার ছেলে মো. রনি শতাধিক লোকজন ও অস্ত্রশস্ত্র নিয়ে জয়নালের বাড়ির সামনে অবস্থান নেন। তাঁরা সবাই এলাকায় শমসেরের অনুসারী হিসেবে পরিচিত। পরে জয়নালের অনুসারী হিসেবে পরিচিত ৬ নম্বর গলির রাব্বি তাঁর লোকজন নিয়ে জয়নালের বাড়ির সামনে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতার হস্তক্ষেপে সংঘর্ষ থামে।
রাতের ঘটনার জের ধরে আজ দুপুরে ২ নম্বর গলিতে ফের উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের শতাধিক লোক আগ্নেয়াস্ত্র, রামদা, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় এক বৃদ্ধের বুকে গুলি লাগে। পুরো পুনর্বাসনকেন্দ্রের দোকানপাট বন্ধ করে দিয়ে লোকজন নিরাপদে অবস্থান নেন। পরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ এসে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের সময় ধারণ করা কয়েকটি ভিডিও প্রথম আলোর হাতে এসেছে। সেসব ভিডিওতে ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রাব্বি নামের জয়নাল আবেদিনের এক অনুসারীকে গুলি ছুড়তে দেখা গেছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মো. শমসের প্রথম আলোকে বলেন, ‘মাদক ব্যবসায়ী ইয়াসমিন জয়নালকে দিয়ে এগুলো করাচ্ছে। দুপুরে রাব্বি এক বৃদ্ধকে গুলি করছে। জয়নাল আর ইয়াসমিনের লোকজন এলাকায় দাঙ্গা–হাঙ্গামা তৈরি করতেছে। আমি এসবের সঙ্গে নাই। কিন্তু একটি পক্ষ আমারে জড়ানোর চেষ্টা করতেছে।’
জয়নাল আবেদিন বলেন, ‘বজলুর রহমান র্যাবের হাতে গ্রেপ্তারের পর শমসের ও শাহাবুদ্দিন মিলে চনপাড়া পুনর্বাসনকেন্দ্রের অপরাধজগতের নিয়ন্ত্রণ নিছে। আমি এগুলো নিয়ে প্রতিবাদ করায় শমসেরের লোকজন রাতে আমার বাড়ির সামনে অস্ত্র নিয়ে আসছিল। আমি কিছুই করি নাই। দুপুরে রবিন নামের শমসেরের এক অনুসারী এক বৃদ্ধরে কাছ থেকে গুলি করছে। পরে ওই বৃদ্ধের এক আত্মীয় আমার কাছে আসলে আমি বৃদ্ধরে দেখতে যাই। তখন শমসেরের লোকজন আবারও আমার ওপর হামলা করেছে।’
রূপগঞ্জ থানা–পুলিশের একটি সূত্র বলছে, একসময় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগ নেতা বজলুর রহমান চনপাড়া নিয়ন্ত্রণ করতেন। বুয়েটের ছাত্র ফারদিন নূরের মৃত্যুর পর চনপাড়া আলোচনায় এলে বজলুর রহমান র্যাবের হাতে গ্রেপ্তার হন। গত ৩১ মার্চ কারা তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বজলুরের মৃত্যু হয়। এর পরপর চনপাড়ার অপরাধের সাম্রাজ্য নিয়ন্ত্রণে কয়েকটি পক্ষ সক্রিয় হয়ে ওঠে। বজলুরের একসময়ের সহযোগী জয়নাল আবেদিন, শমসের আলী ও শাহাবউদ্দিন পক্ষগুলোর নেতৃত্বে রয়েছেন।
এর আগে ১১ এপ্রিল শমসের ও শাহাবুদ্দিন বাহিনীর সঙ্গে জয়নাল আবেদিনের অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিনজন গুলিবিদ্ধ হন। ১ মে দুই পক্ষের মধ্যে আবারও রাতভর সংঘর্ষ হয়৷ পরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ওই এলাকা থেকে ১৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় ওই এলাকার বেশ কিছু মাদকের স্পট গুঁড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে বিকেল পাঁচটায় নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন প্রথম আলোকে বলেন, ‘চনপাড়া এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দোষীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসব। বিকেল পাঁচটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।’