রংপুরে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় নিহত তারাগঞ্জের সঞ্জিত রায়ের স্বজনদের আহাজারি। আজ রোববারছবি: প্রথম আলো

রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন তারাগঞ্জ উপজেলার বাছুরবান্দা এলাকার লালমন রায়ের ছেলে সঞ্জিত রায় (১৯) এবং পাশের শলেয়াশাহ লালচাঁদপুর এলাকার পদার রায়ের ছেলে গাড্ডু রায় (১৮)। তাঁরা পরস্পরের বন্ধু।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে দুই বন্ধু মোটরসাইকেলে করে শলেয়াশাহ বাজার থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিলেন। সঞ্জিত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আর গাড্ডু রায় ছিলেন পেছনের আসনে।

দুপুর ১২টার দিকে ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন দুই বন্ধু। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই দুজনের মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দুই যুবকের লাশ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি।