নিজের ট্রাক্টরের নিচে চাপা পড়ে প্রাণ গেল কৃষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেন কৃষক মো. হানিফ আলী (৪৫)। গতকাল রোববার রাতে জমি চাষ করে ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে তিনি ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাক্টরটি পানিতে পড়ে যায়। এতে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান হানিফ।

গতকাল রাতে জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পুরানাপৈল মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটেছে। হানিফ আলী ওই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

পুরানাপৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. তারাকুল ইসলাম প্রথম আলোক বলেন, ঘটনাটি রাতে হওয়ায় হানিফ আলীর পরিবার বিষয়টি জানত না। আজ সোমবার ভোরে ওই রাস্তা দিয়ে লোকজন চলাচলের সময় ট্রাক্টরটি পড়ে থাকতে দেখেন। পরে ট্রাক্টরের নিচে হানিফের লাশ পাওয়া যায়। হানিফের পরিবার খবর পেয়ে সেখান থেকে লাশটি উদ্ধার করেছে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি পুকুরে পড়ে যায়। হানিফ আলী ট্রাক্টরের নিচে চাপা পড়ে মারা গেছেন। তাঁর পরিবারের এ বিষয়ে কোনো অভিযোগ নেই।