বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর এপিএসকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিসম্পদ প্রতিমন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম ওরফে পিন্টু
ছবি: সংগৃহীত

বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সহকারী একান্ত সচিব (এপিএস) শফিকুল ইসলাম ওরফে পিন্টুর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে নগরের এম এ জলিল সড়কের মুসলিমপাড়া এলাকার নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ শনিবার বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন শফিকুল ইসলাম। কিন্তু যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা উল্টো অভিযোগ করে বলছেন, শফিকুল ইসলামের লোকজন তাঁদের মারধর করেছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমুল করিম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, শফিকুল ইসলামের ওপর হামলার একটি অভিযোগ পেয়েছেন তিনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পেলে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।

লিখিত অভিযোগে বলা হয়, শফিকুল ইসলাম পানিসম্পদ প্রতিমন্ত্রীর এপিএস হিসেবে কর্মরত। তিনি সন্ধ্যা সাতটার দিকে বাসা থেকে বের হয়ে নগরের বটতলায় একটি রেস্তোরাঁয় যান। ফিরে এসে রাত সাড়ে নয়টার দিকে মুসলিমপাড়ার বাসার সামনে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় মো. মাসুদ, নাসির উদ্দীন, মো. সোহাগ, ইমরান হোসেনসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ওপর হামলা করেন। হামলাকারীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। এ সময় তাঁর ডাক–চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

শফিকুল ইসলাম পেশায় একটি সরকারি কলেজের শিক্ষক। তিনি প্রেষণে পানিসম্পদ প্রতিমন্ত্রীর এপিএস পদে বছর দু–এক আগে নিয়োগ পান। সম্প্রতি তিনি প্রভাষক থেকে পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হয়েছেন। এ জন্য এপিএস পদ থেকে শিক্ষকতা পেশায় ফিরে যেতে তিনি অব্যাহতি চেয়েছেন। শিক্ষা ভবনে তাঁর যোগদানপ্রক্রিয়া চলছে।

হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কী কারণে হামলা হয়েছে, তা তিনি জানেন না। কারণ, হামলাকারীদের সঙ্গে তাঁর কখনো কোনো কিছু হয়নি। অনেককে তিনি ভালোভাবে চেনেনও না। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে নাসির উদ্দীন পাল্টা অভিযোগ করে বলেন, প্রতিমন্ত্রীর এপিএস শফিকুল সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে দুই বছর আগে তিন লাখ টাকা নেন। কিন্তু করোনাসহ নানা অজুহাতে চাকরির ব্যবস্থা করেননি। এমনকি টাকাও ফেরত দেননি।

নাসির উদ্দীন বলেন, ‘সম্প্রতি জানতে পারি, তিনি প্রতিমন্ত্রীর এপিএস পদে নেই। এরপর তাঁর বাসায় গিয়েও তাঁকে পাইনি। পরে লোকজনের কাছে জানতে পারি, দুই দিন আগে তিনি বাসায় এসেছেন। এ জন্য গতকাল রাতে তাঁর বাসার সামনে যাই। তখন দেখতে পাই, তিনি কয়েকজনের সঙ্গে কথা বলছেন। এ সময় টাকা ফেরত চাইলে সঙ্গে থাকা লোকজন নিয়ে শফিকুল আমাকে মারধর করেছেন। এখন উল্টো তিনি আমার বিরুদ্ধে মারধরের অভিযোগ দিয়েছেন।’

তবে নাসির উদ্দীনের সব অভিযোগ অস্বীকার করেছেন শফিকুল ইসলাম। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বর্তমানে সরকারি সফরে ভারতে আছেন। এ জন্য এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।