মতলব দক্ষিণে অজ্ঞাতনামা যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম নাগদা এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রের পাশের একটি সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৩০ বছর। তাঁর পরনে একটি টি–শার্ট ছিল। তবে লাশের নিচের অংশ বিবস্ত্র ছিল। এ ছাড়া লাশের বিভিন্ন অংশে রক্তের ছোপ ও জখমের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রের (সাবস্টেশন) পাশে একটি সড়কে স্থানীয় লোকজন ওই লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় লোকজন ধারণা করছেন, গতকাল সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে হত্যার পর লাশ সড়কের পাশে ফেলে চলে গেছে।

পশ্চিম নাগদা এলাকার ইউপি সদস্য মো. খোকন দেওয়ানজী বলেন, নিহত ওই যুবককে স্থানীয় লোকজন চিনতে পারছেন না। কে বা কারা তাঁকে হত্যা করে আংশিক বিবস্ত্র করে সড়কে ফেলে গেছে, সেটা তিনি বুঝতে পারছেন না।

ওসি মো. সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, অজ্ঞাতনামা ওই তরুণের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। লাশের বিভিন্ন অংশে আঘাত ও জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটা হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্তে চাঁদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে।