মাগুরায় বাড়ির পাশের ডোবায় ডুবে এক পরিবারের দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

মাগুরায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

ওই দুই শিশুর নাম নুসরাত (৭) ও নাঈম (৬)। নুসরাত বালিয়াডাঙ্গা গ্রামের লিটন মিয়ার মেয়ে। নাঈম পাশের বাসার জামাল উদ্দিনের ছেলে। নুসরাত ও নাঈম সম্পর্কে ফুফু–ভাতিজা।

পরিবার সূত্রে জানা যায়, আজ সকাল থেকে বাড়ির উঠানে খেলছিল দুই শিশু। সকাল ১০টার দিকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবার ধারে দুই শিশুর স্যান্ডেল দেখতে পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তাঁরা ডোবায় নেমে খোঁজ করতে থাকেন। কিছুক্ষণ পর ডোবার পানি থেকে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগ থেকে জানানো হয়, হাসপাতালে পৌঁছার আগেই তাদের মৃত্যু হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ বালিয়াডাঙ্গায় ডোবার পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর সুরতহাল প্রস্তুত করেছে। পরে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ বুঝিয়ে দেওয়া হয়।