ত্বকী হত্যার বিচারের দাবিতে শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আগামী শুক্রবার ‘ত্বকী সমাবেশ’ করবে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। আজ রোববার বিকেলে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সমাবেশে প্রতিবাদী কথা, কবিতা, গান, নাটক, ছবি আঁকা ও পারফর্মিং আর্ট পরিবেশিত হবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি, শিল্পীরা উপস্থিত থাকবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩ বছর অতিক্রান্ত হয়েছে আরও দুই মাস আগে। দীর্ঘ এ সময়ের সাড়ে ১১ বছর ছিল শেখ হাসিনার শাসনামল, দেড় বছর অন্তর্বর্তী সরকার আর এখন চলছে বিএনপির শাসনামল। সরকারের পর সরকার বদল হলেও বিচার হয় না। অভিযোগপত্র আদালতে জমা দিয়ে বিচারকার্য শুরু হয় না। ত্বকী হত্যা দেশে বিচারব্যবস্থার একটি প্রতীকী নগ্ন-উদাহরণ। সরকার বদলালেও দেশে বিচারহীনতার চরিত্র বদলায় না।
২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। এর দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর ও পরে কাজল হাওলাদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা জানান আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে। কিন্তু সে অভিযোগপত্র আজও পেশ করা হয়নি।
ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ মোমশিখা প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।