মুন্সিগঞ্জের চরাঞ্চলে ছেলেদের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ জেলার মানচিত্র

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলেদের বিরুদ্ধে। আজ সোমবার ভোরে উপজেলার আধারা ইউনিয়নের ভাসানচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত ব্যক্তির দুই ছেলে ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. নুরুল ইসলাম হাওলাদার (৫০)। তিনি ভাসানচরের মিজিকান্দি এলাকার প্রয়াত সুবেদ আলীর ছেলে। পেশায় কাঠমিস্ত্রি নুরুল ইসলামের স্ত্রীর নাম তাছলিমা বেগম। এ দম্পতির পাঁচ ছেলে ও এক মেয়ে আছে।

হত্যাকাণ্ডের ঘটনায় নুরুল ইসলামের বড় ছেলে মো. সুমন হাওলাদার, সুমনের স্ত্রী ও আরেক ছেলে মোহাম্মাদ আলী হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নুরুল ইসলামের সঙ্গে তাঁর স্ত্রী-সন্তানদের পারিবারিক কলহ ছিল। প্রায় সময় তাঁদের বাড়িতে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি হতো। রোববারও স্ত্রী তাছলিমা বেগমের সঙ্গে নুরুল ইসলামের ঝগড়া হয়। তাছলিমাকে নুরুল মারধর করেছিলেন। তখন নুরুল ইসলামের ছেলেরা তাঁকে মারধর করার জন্য খোঁজাখুঁজি করেছিলেন। সোমবার ভোররাতে নুরুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে তাঁরা শুনেছেন।

নিহত নুরুল ইসলামের ছোট বোন হামিদা বেগম বলেন, ‘কিছু থেকে কিছু হলে আমার ভাবি ও ভাতিজারা আমার ভাইকে মেরে ফেলার হুমকি দিত। আমার ভাই তাঁর জমিতে ধান লাগিয়েছিলেন। তাঁর ছেলেরা কেউ কোনো কাজ করত না। কয়েক দিন ধরে তিনি একা একা জমির ধান কাটছিলেন। এ নিয়ে ভাই ভাতিজাদের গালিগালাজ করেন। ভাবিও ভাতিজাদের পক্ষ নিয়ে ভাইকে গালিগালাজ করেন। পরে ভাই-ভাবির মধ্যে ঝগড়া হয়। তখন ভাই ভাবিকে মারধর করেন। এ ঘটনা শুনে তাঁর ছেলেরা ক্ষিপ্ত হয়ে যায়। ভাইকে মারধরের প্রস্তুতি নেয়। বিষয়টি আমার ভাই আমাকে জানিয়েছিলেন। শুনেছিলাম, এ নিয়ে ভাই থানায়ও গিয়েছিলেন।’

হামিদা বেগম আরও বলেন, ‘আমার ভাই রাতে আমাকে মোবাইল ফোনে বলেছিল, বাড়িতে গেলে তার ছেলেরা তাকে মেরে ফেলবে। স্থানীয় মাতবরদের ভরসায় তিনি বাড়িতে এসেছিলেন। ভোরবেলা ছোট ভাতিজা সুজন ফোন করে জানায়, তার বাবাকে মেরে ফেলা হয়েছে।’

আটকের আগে নিহত ব্যক্তির ছেলে সুমন হাওলাদার গণমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর বাবা রোববার গভীর রাতে মেঘনা নদীতে মাছ ধরতে যান। ভোরে ফেরার সময় জলদস্যুরা নৌকায় হামলা চালিয়ে নগদ টাকা, মাছ ও জাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে জলদস্যুরা লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে তাঁর বাবা নুরুল ইসলাম হাওলাদার মাথায় গুরুতর আঘাত পেয়ে নদীতে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ কালাম প্রধান প্রথম আলোকে বলেন, ভোর সোয়া চারটার দিকে নুরুল ইসলামকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত ব্যক্তির বোন হামিদা বেগম বলেন, ‘আমার ভাই একজন কাঠমিস্ত্রি। সে কখনো মাছ ধরত না। তাকে হত্যা করে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মাছ ধরার কথা বলা হচ্ছে। আমার ভাইকে আমার ভাতিজারা তাদের মামাদের সহযোগিতা নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির মাথায়, শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। আজ ভোরে হাসপাতালে তাঁর তিন ছেলে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন পুলিশকে জানিয়েছেন, তিনি তাঁর বাবার সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন। সেখানে কয়েকজন জলদস্যু এসে তাঁদের কাছ থেকে মাছ এবং মাছ ধরার জাল ছিনিয়ে নিতে চান। তাঁর বাবা বাধা দিলে তাঁকে হত্যা করা হয়। ইতিমধ্যে পুলিশ অন্য একটি ঘটনাও জানতে পেরেছে। মাছ ধরাকে কেন্দ্র করে হত্যাটি হয়েছে নাকি তাঁকে হত্যা করে মাছ ধরার ঘটনা সাজানো হচ্ছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় নিহত ব্যক্তির দুই ছেলে ও বড় ছেলের স্ত্রীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।