‘ঈদ মোবারক’ লিখল, তবে ঈদটা করা হলো না শিশু মোরসালিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুর লাশ
প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বাড়ির সানসেট ভেঙে পড়ে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঈদের আগের দিন শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশু মোরসালিন হরিপুর গ্রামের আবদুর রহিমের ছেলে। সে পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

বাড়ির সামনের সড়কে সাদা রঙ দিয়ে ‘ঈদ মোবারক’ লিখেছিল শিশু মোরসালিন। ঈদের আগের দিন তার মৃত্যুতে গ্রামের সবাই শোকার্ত
ছবি: প্রথম আলো

প্রত্যক্ষদর্শীরা বলেন, মোরসালিন বুধবার দুপুরে বাড়ির সামনে পাকা সড়কে সাদা রং দিয়ে ‘ঈদ মোবারক’ লেখে। এরপর বাড়ির দরজায় বসে বিশ্রাম করছিল সে। এ সময় হঠাৎ দরজার ওপরে থাকা সানসেট ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা যায়।

হরিপুর গ্রামের বাসিন্দা ইব্রাহিম হোসেন বলেন, ছেলেটা ঈদ উদ্‌যাপন করতে পারল না। ঈদের আগের দিন এমন মৃত্যুতে গ্রামের সবাই শোকার্ত।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, মোরসালিন বাড়ির দরজার ওপরের সানসেট ভেঙে পড়ে মারা গেছে। এটা দুঃখজনক ঘটনা।