বরিশালের গণসমাবেশ সফল করতে পটুয়াখালীতে বিএনপির গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার সকাল থেকে দলটির নেতা-কর্মীরা শহরে লিফলেট বিতরণ করছেন ও দোকানে দোকানে গিয়ে কথা বলছেন
ছবি: প্রথম আলো

বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করতে পটুয়াখালীতে প্রচারাভিযানে নেমেছেন জেলা বিএনপির নেতা-কর্মীরা। এ জন্য আজ মঙ্গলবার সকাল থেকে দলটির নেতা-কর্মীরা শহরে লিফলেট বিতরণ করছেন ও দোকানে দোকানে গিয়ে কথা বলছেন। এ ছাড়া জেলা বিএনপির নেতা-কর্মীরা ‘চল চল বরিশাল চল, গণসমাবেশ সফল কর’ স্লোগান নিয়ে শহরে মিছিল করছেন। ৫ নভেম্বর বরিশালে এ গণসমাবেশ হবে।

প্রচারাভিযানে জেলা বিএনপির নেতা-কর্মীরা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, চাল-ডাল-জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচনসহ বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন।

আজ সকালে শহরের নতুন বাজার এলাকা থেকে লিফলেট বিতরণসহ প্রচারাভিযানে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ, সদস্যসচিব স্নেহাংশু সরকার, সদস্য মোশতাক আহমেদ, মজিবুর রহমান, মিজানুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি কাজী মাহাবুব, সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ সংগঠনের নেতা-কর্মীরা।

জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশু¯সরকার প্রথম আলোকে বলেন, তাঁদের প্রচারাভিযানে পথে পথে বাধা দেওয়া হচ্ছে। আগেভাগেই যানবাহন বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। তারপরও বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করতে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।