রাজবাড়ীতে পদ্মায় নিখোঁজ যুবকের দুই দিনেও সন্ধান নেই, অভিযান বন্ধ

পদ্মায় নিখোঁজ যুবকের সন্ধানে অভিযান চালায় ডুবুরি দল। গতকাল বুধবারছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দিয়ে নিখোঁজ যুবকের দুই দিনেও সন্ধান মেলেনি।

এর আগে গত মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে অপেক্ষমাণ ফেরি থেকে এই দুর্ঘটনা ঘটে। দুই দিন অভিযান শেষে গতকাল বুধবার সন্ধ্যায় ডুবুরি দল অভিযান কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে।

নিখোঁজ রেজাউল শিকদার (৩৫) গোয়ালন্দ উপজেলার বাহির দৌলতদিয়া শাহাদৎ মেম্বারপাড়ার মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে।

একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি, যানবাহন লোডের জন্য অপেক্ষমাণ রো রো (বড়) ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ ফেরির পন্টুনে জুয়াড়ি চক্রের কয়েকজনের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি পদ্মা নদীতে লাফ দেন। তবে স্বজনদের দাবি, প্রতিপক্ষের লোকজন তাঁকে নদীতে ফেলে দিয়েছে।

ডুবুরি দলের প্রধান মানিকগঞ্জের আরিচা স্থলকাম নদী ফায়ার স্টেশনের লিডার জয়নাল আবেদীন বলেন, নিখোঁজের সংবাদ পাওয়ার পর গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ডুবুরি দল অভিযান চালায়। কোনো হদিস না পাওয়ায় গতকাল সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবার তাঁর সন্ধানে ছয় সদস্যের ডুবুরি দল অভিযান চালায়। কোনো হদিস না মেলায় অভিযান কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ফেরিঘাট এলাকার বাসিন্দা রিয়াজুল শেখ বলেন, ফেরিতে জুয়াড়িরা জুয়া খেলার টাকা নিয়ে এক যাত্রীর সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। একপর্যায়ে রেজাউল শিকদার নামের স্থানীয় এক যুবক ফেরির পন্টুন থেকে পদ্মা নদীতে লাফ দেন। সঙ্গে সঙ্গে টাকা খোয়ানো ওই যাত্রী নদীতে লাফ দেন। ঘাটে থাকা লোকজন যাত্রীকে টেনে তুলতে সক্ষম হলেও রেজাউল পদ্মায় তলিয়ে যান।

নিখোঁজ রেজাউলের বড় ভাই হারুন শিকদার বলেন, জমি নিয়ে জুয়াড়ি চক্রের সঙ্গে তাঁদের দীর্ঘদিন বিরোধ চলছে। এ নিয়ে মামলা হয়েছে এবং তাঁরা জেলও খেটেছেন। তাঁদের ধারণা, পরিকল্পিতভাবে রেজাউলকে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ত্রিনাথ সাহা বলেন, নিখোঁজ রেজাউল শিকদারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় চারটি মাদক মামলা, মানিকগঞ্জ ও গোয়ালন্দে দুটি ছিনতাই ও গোয়ালন্দে একটি জুয়া আইনে মামলা রয়েছে। ডুবুরি দল গতকাল সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেছে, কিন্তু নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পায়নি। পরে তারা অভিযান কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে চলে গেছে।