পঞ্চগড়ে পুকুরে গোসল করতে নেমে দুই ছাত্রের মৃত্যু
পঞ্চগড়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার দশমাইল দক্ষিণ সাহেবীজোত এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে আজ দুপুরে লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পঞ্চগড়ে পানিতে ডুবে মারা যাওয়া দুজন আবদুর রহিম (১৪) ও রাজীব হোসেন (১৬)। আবদুর রহিম সাতমেরা ইউনিয়নের শিতলী হাসনা এলাকার প্রয়াত জাকির হোসেনের ছেলে। রাজীব হোসেন একই ইউনিয়নের সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে। আবদুর রহিম দশমাইল নুরানি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। রাজীব হোসেন একই মাদ্রাসা থেকে হেফজ পড়া শেষ করে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকার একটি মাদ্রাসায় হেফজ শুনানি করত।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে সাতমেড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিন্টু কামাল ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল ইসলাম বলেন, আজ দুপুরে মাদ্রাসা ছুটির পর পঞ্চগড় সদর উপজেলার দশমাইল দক্ষিণ সাহেবীজোত এলাকার একটি পুকুরে গোসল করতে নামে ওই দুই ছাত্র। সাঁতার না জানায় তারা পুকুরের পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন টের পেয়ে পুকুরে নেমে তাদের খুঁজতে থাকেন। পরে স্থানীয় লোকজন পানির নিচ থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দুই মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
লালমনিরহাটে ধরলা নদীতে নিখোঁজ দুই ভাই
রোববার দুপুরে লালমনিরহাট জেলা সদরের মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই ভাই। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যরা অভিযান চালাচ্ছেন।
নিখোঁজ দুই ভাই মোগলহাট বাজার এলাকার মোহাম্মদ হেলাল উদ্দিনের ছেলে শাওন (১৪) ও সাব্বির (১৫। শাওন মোগলহাট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সাব্বির একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বেলা দুইটার দিকে শাওন, সাব্বির ও তাদের বন্ধু মেহেদী মোগলহাট বিজিবি ক্যাম্প এলাকায় ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তীব্র স্রোতে তারা ভেসে যেতে থাকে। মেহেদী কোনোরকমে সাঁতরে তীরে উঠলেও শাওন ও সাব্বির তলিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালান। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় মোগলহাট বিওপির কয়েকজন বিজিবি সদস্যও উদ্ধার অভিযানে অংশ নেন। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত নিখোঁজ দুই ভাইয়ের কোনো সন্ধান মেলেনি।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, খবর পেয়ে সদর থানা–পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে এখন পর্যন্ত নদীতে নিখোঁজ দুই ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।