প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ ফিরে পেল চসিক
৯ বছর পর বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ ফিরে পেল চট্টগ্রাম সিটি করপোরেশন। শিক্ষা মন্ত্রণালয় বর্তমান বোর্ড অব ট্রাস্টিজ ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করেছে। সিটি করপোরেশনের মেয়রকে চেয়ারম্যান করে ৯ সদস্যের বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন করেছে মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভেঙে দেওয়া বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ছিলেন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সদস্যরা ছিলেন মহিবুল হাসান চৌধুরীর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ ব্যক্তিরা। ২০১৫ সালের পর থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ ছিল সাবেক শিক্ষামন্ত্রীর পরিবারের কাছে।
নতুন বোর্ড গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় তাঁদের বোর্ড অব ট্রাস্টিজের অনুমোদন দিয়েছে। মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত চিঠি পেয়েছেন তাঁরা।
সিটি করপোরেশনের মেয়রসহ বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা পদাধিকার বলে সদস্য নির্বাচিত হবেন। মেয়র ছাড়া সদস্য হিসেবে থাকবেন সদ্য সাবেক মেয়র, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব, সিটি করপোরেশনের শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি, হিসাব ও নিরীক্ষাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি, দুই প্যানেল মেয়র।
এদিকে উপাচার্য, সহ–উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নিয়োগ দিতে তিনজন করে নয়জনের নামের তালিকা গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। গত বছরের ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক অনুপম সেন। পদত্যাগ করেছিলেন সহ–উপাচার্য ও কোষাধ্যক্ষও। এখনো নতুন করে এসব পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
২০০১ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের অর্থায়নে ও উদ্যোগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ওই সময় মেয়র ছিলেন নগর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী (বর্তমানে প্রয়াত)। মহিবুল হাসান চৌধুরী মহিউদ্দিন চৌধুরীর ছেলে। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়টি সিটি করপোরেশনের অধীনে পরিচালিত হয়ে আসছিল। তবে ২০১৫ সালে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন মেয়র নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয় পরিচালনা নিয়ে বিরোধ তৈরি হয়। বিরোধের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছিলেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও তাঁর পরিবার।