জয়পুরহাটে ভারী বর্ষণে ডুবল নির্মাণাধীন সেতুর পাশের বিকল্প সড়ক, ভোগান্তি
টানা ভারী বর্ষণে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় আক্কেলপুর-সান্তাহার সড়কে নির্মাণাধীন দুটি আরসিসি গার্ডার সেতুর পাশে বিকল্প সড়ক ভেঙে তলিয়ে গেছে। দুই দিন ধরে সড়কে সরাসরি সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে। এতে ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। খালের পানিতে স্রোত থাকায় নতুন করে বিকল্প সড়ক নির্মাণ করতে পারছে না ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয় সিএনজিচালিত অটোরিকশাচালক শফিকুল ইসলাম বলেন, আক্কেলপুর-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ি এলাকায় দুটি সেতুর বিকল্প সড়ক ভেঙে যাওয়ায় সরাসরি সড়ক যোগাযোগব্যবস্থা বন্ধ রয়েছে। ফলে পাঁচ কিলোমিটার ঘুরে অটোরিকশা চলাচল করছে।
খোঁজ নিয়ে জানা যায়, ওই সড়কের কাঁঠালবাড়ি এলাকায় আধা কিলোমিটার দূরত্বে ২০ ও ১৫ মিটারের দুটি আরসিসি গার্ডার সেতুর নির্মাণকাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। আট মাসে আগে দুটি সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। পুরোনো দুটি সেতু ভাঙার আগেই সেতুর পাশে বিকল্প সড়ক নির্মাণ করা হয়। নির্মাণাধীন দুটি সেতুর বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করছিল। গত রোববার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা ভারী বর্ষণ হয়। এতে সেতুর পূর্ব পাশের ফসলি মাঠটি পানিতে ডুবে যায়। মাঠের পানির চাপে মঙ্গলবার সকালে আক্কেলপুর-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ি এলাকায় নির্মাণাধীন দুটি সেতুর বিকল্প সড়ক ভেঙে পানিতে তলিয়ে যায়। এর পর থেকে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তির মধ্যে পড়েছেন এই পথে চলাচলকারী লোকজন। তবে কবে নাগাদ সড়কে চলাচল স্বাভাবিক হবে, তা সংশ্লিষ্ট কেউ নিশ্চিত করে বলতে পাচ্ছেন না।
স্থানীয় বাসিন্দা আবদুর রহিম বলেন, এই সড়ক দিয়ে বাস, ট্রাকসহ হাজারো যানবাহন চলাচল করে। যেহেতু নির্মাণাধীন সেতুর দুই পাশই নিচু। তাই পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে উঁচু করে বিকল্প সড়ক নির্মাণ করা দরকার ছিল। পানি নিষ্কাশনের ব্যবস্থা ও সড়ক উঁচু থাকলে বর্ষা মৌসুমে এই ভোগান্তিতে পড়তে হতো না।
সেতু দুটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে নওগাঁর মেসার্স বসুন্ধরা হাউস বিল্ডার্স। প্রতিষ্ঠানের প্রতিনিধি নজরুল ইসলাম বলেন, শিডিউল অনুযায়ী, বিকল্প সড়ক নির্মাণ করা হয়েছিল। টানা ভারী বর্ষণে মাঠ পানিতে ভরে গেছে। বিকল্প সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। একপর্যায়ে পানির চাপে বিকল্প সড়কে ভেঙে তলিয়ে যায়। এখনো পানির স্রোত যাচ্ছে। পানির স্রোত কমলে আবার বিকল্প সড়ক নির্মাণ করা হবে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী রকিব হাসান বলেন, দুটি সেতুর পাশে বিকল্প সড়কের পানি জমে ছিল। পানি সরানোর জন্য বিকল্প সড়ক ভেঙে দেওয়া হয়েছে। এ কারণে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ আছে।