প্রতিদিন গড়ে ২ জনের মৃত্যু
বরিশালে সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠেছে। চলতি মাসের ২০ দিনে এই বিভাগে প্রতিদিন গড়ে ২ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন ৩১২ জন। এর আগে বরিশাল বিভাগে এত রোগীর মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেনি। অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তিদের পাশাপাশি বিপুলসংখ্যক ডেঙ্গু রোগী আসায় হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় বিভাগের হাসপাতালগুলোতে শিরায় দেওয়া স্যালাইনের সংকট দেখা দিয়েছে।
বৃহস্পতিবার এই বিভাগের সবচেয়ে বড় সরকারি চিকিৎসাকেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালটির পাঁচতলা মেডিসিন ইউনিট রোগীতে ঠাসা। সিঁড়ি ও শৌচাগার ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে রোগী নেই। এর মধ্যে অধিকাংশই ডেঙ্গুতে আক্রান্ত রোগী। প্রথমে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হলেও এখন এত চাপ যে তাতে আর সংকুলান হচ্ছে না। ফলে এখন সব রোগীকে একসঙ্গে রাখা হচ্ছে। রোগী বেড়ে যাওয়ায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মশারির কোনো ব্যবস্থা নেই।
মেডিসিন ইউনিটের নিচতলায় হাঁটার পথের এককোণে শয্যা পেয়েছেন বরিশালের হিজলা উপজেলার মো. শাহিন মিয়া (৩৫)। চারপাশে দুর্গন্ধ আর মাছি ভনভন করছিল। এমন অসহনীয় পরিবেশের মধ্যে তিনি চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসা কেমন চলছে জানতে চাইলে তিনি বলেন, ‘দ্যাহেন না, কেমন চলছে। স্যালাইন দিছে চাইরটা, তিনটাই বাইরে গোনে কিনছি। চাইরপাশ নোংরা, মাছি ভনভন করে, গন্ধে টিকতে পারি না। কী করমু, গরিব মানুষের তো উপায় নাই।’ এখানেই মেঝেতে নোংরা পরিবেশে চিকিৎসা নিচ্ছেন বরিশালের উজিরপুরের হারতা গ্রামের দীপঙ্কর হালদার (৪২), বরগুনার পাথরঘাটার আইউব আলী মল্লিক (৬২)। তাঁরা বলেন, স্যালাইন বাইরে থেকে কিনে তাঁদের শিরায় দেওয়া হচ্ছে। হাসপাতালে স্যালাইন নেই। তাঁরা বলেন, নোংরা দুর্গন্ধময় পরিবেশে মশা-মাছি থাকলেও মশারি টানানোর কোনো ব্যবস্থা নেই।
নিচতলা থেকে দোতলায় সিঁড়ি বেয়ে উঠতেই দেখা গেল, চলার পথে অনেক রোগী। এতে রোগী কেন সেখানে সুস্থ মানুষও অসুস্থ হওয়ার উপক্রম। শৌচাগার ছাড়া কোথাও ফাঁকা নেই। শৌচাগারগুলো নোংরা। একই অবস্থা ভবনটির পাঁচতলা পর্যন্ত। পাঁচতলায় ডেঙ্গুতে আক্রান্ত শিশু মুরাদ হোসেনের (৩) বাবা ঝালকাঠির নথুল্লাবাদ গ্রামের বাসিন্দা হান্নান তালুকদার বলেন, ‘চার দিন ধরে মেঝেতে এ পরিবেশে ছেলেকে নিয়ে আছি। এখানে তিনটি শৌচাগারের দুটি ব্যবহার অনুপযোগী হওয়ায় বন্ধ। একটি শৌচাগার ব্যবহার করছেন অন্তত ৫০০ রোগী। এখন বোঝেন অবস্থা কেমন। এত রোগী কোথায় যাবেন, হাসপাতাল কর্তৃপক্ষ কী করবে।’
বিভাগের ছয়টি জেলা হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়গুলোর পাঠানো চাহিদাপত্র থেকে জানা যায়, এসব জেলায় ১ লাখ ৩৯ হাজার ৪০০টি স্যালাইনের চাহিদার বিপরীতে বৃহস্পতিবার পর্যন্ত মজুত ছিল ৭ হাজার ৬২৬টি স্যালাইন।
ওষুধের দোকানিরা বলেছেন, বাইরে থেকে স্যালাইনের সরবরাহ কমিয়ে দিয়েছে স্যালাইন প্রস্তুতকারী কোম্পানিগুলো। এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের দুটি ওষুধের দোকানের মালিক ও কর্মচারীরা জানান, তাঁদের দোকানে প্রতিদিন কমপক্ষে ১০০টি স্যালাইনের চাহিদা রয়েছে। কিন্তু ওষুধ কোম্পানি থেকে বর্তমানে তিন দিন পরপর সর্বোচ্চ ১০টি করে স্যালাইন সরবরাহ করা হচ্ছে। সরবরাহ না থাকায় সংকট তীব্র হচ্ছে।
অপর দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ১০০ থেকে ১২০ জন নতুন রোগী আসছেন। নতুন-পুরোনো রোগী মিলিয়ে প্রতিদিন ভর্তি থাকছেন ২০০-এর ওপরে। ফলে এসব রোগীর জন্য প্রতিদিন অন্তত দুটি করে স্যালাইন প্রয়োজন। এখন কী পরিমাণ মজুত আছে, তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এখানে রোগীরা বলেছেন, হাসপাতাল থেকে কোনো রোগী একটির বেশি স্যালাইন পাচ্ছেন না।
সার্বিক বিষয়ে কথা বলার জন্য বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে হাসপাতালের পরিচালক সাইফুল ইসলামের কক্ষে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এরপর চারবার ফোন করলেও তিনি সাড়া দেননি। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মনিরুজ্জামান শাহিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ঢাকায় প্রশিক্ষণে আছি।’ এর আগে ১৬ সেপ্টেম্বর তিনি বলেছিলেন, হাসপাতালে স্যালাইনের সংকট রয়েছে। এ জন্য ২০ হাজার ব্যাগ স্যালাইনের চাহিদাপত্র ঢাকায় পাঠানো হয়েছে।