রাজশাহী সিটির ওয়ার্ড পরিক্রমা
সরু রাস্তায় ভোগান্তি অনেক
গত পাঁচ বছরে অলিগলিতে পানিনিষ্কাশনের উন্নয়নকাজ হয়েছে। তবে শেষ পর্যন্ত অধিকাংশ কাজ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
রাজশাহী নগরের তালাইমারী এলাকার একটি রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ চলাফেরা করেন প্রতিদিন। রাস্তাটি সিটি করপোরেশনের দুটি ওয়ার্ড ও একটি পৌরসভার কয়েকটি এলাকার মানুষের চলাচলের ভরসা। রাস্তার মতিহার থানার পাশে কয়েক মিটার আরও বেশি সরু। এতে যাতায়াতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় মানুষকে। গুরুত্বপূর্ণ এই রাস্তার বেশির ভাগ অংশ রাজশাহী নগরের ২৮ নম্বর ওয়ার্ডে পড়েছে। ওই ওয়ার্ডের বেশির ভাগ রাস্তা প্রশস্ত হলেও রাস্তাটি সংস্কার করা হয়নি।
নগরের জাহাজঘাট এলাকার অটোরিকশাচালক সোহেল রানা বলেন, মহাসড়ক বাদে রাজশাহী শহরের সবচেয়ে ব্যস্ততম রাস্তা এটি। কিন্তু শহরের অন্যান্য রাস্তা সংস্কার করে প্রশস্ত করা হলেও এই রাস্তাটি করা হয়নি। সরু রাস্তা দিয়ে চলাচলে সন্ধ্যার দিকে যানজট লেগে যায়। থানার পাশের কয়েক মিটার রাস্তা এত সরু যে একটি অটোরিকশা অন্য একটি রিকশাকে পাশ কাটিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।
তালাইমারী মোড়ে ১৫ বছর ধরে ব্যবসা করা নাহিদ হাসান বলেন, রাস্তাটি কেন বড় করা হচ্ছে না এটা কাউন্সিলর ও মেয়রই ভালো বলতে পারবেন। এই রাস্তা দিয়ে কাটাখালী পৌরসভার একটি অংশের মানুষসহ ২৯ ও ২৮ নম্বর ওয়ার্ডের মানুষ চলাচল করেন। নগরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর মধ্যে এটি একটি।
রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এই ওয়ার্ডটিতেও নানা আলোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির একাধিক ব্যক্তি প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যে ঈদের শুভেচ্ছা জানিয়ে নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন। এই ওয়ার্ডের ভোটার ১৭ হাজারের বেশি। রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন হওয়ায় শিক্ষক–শিক্ষার্থীরা এই এলাকায় থাকেন। অনেক শিক্ষক এই এলাকায় জমি কিনে আবাসিক ভবন করেছেন। ভৌগোলিকভাবেও ওয়ার্ডটির কোথাও নিচু, কোথাও উঁচু। গত পাঁচ বছরে অলিগলিতে পানিনিষ্কাশনের উন্নয়নকাজ হয়েছে। তবে শেষ পর্যন্ত অধিকাংশ কাজ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কারণে ওয়ার্ড এখনো ড্রেনেজ ও জলাবদ্ধতা সমস্যা রয়ে গেছে। মশার পাশাপাশি মাদকের সমস্যাও রয়েছে ওয়ার্ডটিতে।
ওয়ার্ডের কাজলার ঘোষপাড়া এলাকার পাশে নালাটি কয়েক বছর ধরে ভরা থাকে। এই ওয়ার্ডের পানি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশের নালা দিয়ে উত্তর দিকে প্রবাহিত হয়। কিন্তু রাস্তার সংস্কারকাজ চলাতে নালাটির বেশ কয়েকটি স্থানে পানিপ্রবাহ বন্ধ রয়েছে। গত মঙ্গলবার ওই এলাকায় গিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের আবর্জনা পরিষ্কার করতেও দেখা যায়। তাঁদের একজন বলেন, আপাতত নালাটি পরিষ্কার করে দিচ্ছেন। এতে যতটুকু প্রবাহ বাড়ে। রাস্তার কাজ হয়ে গেলে পানিপ্রবাহ ঠিক হয়ে যাবে।
ওয়ার্ডটির বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনার অভিযোগ রয়েছে। আবু হানিফ নামের এক বাসিন্দা বলেন, রাত হলে পদ্মা নদীর পাড় দিয়ে মাদকের কেনাবেচা চলে। এ ছাড়া বখাটেদের দৌরাত্ম্য রয়েছে।
গত পাঁচ বছরে ওয়ার্ডটিতে উন্নয়নকাজের জন্য প্রায় ৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। তানভীর কনস্ট্রাকশন এই ওয়ার্ডে ১২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু প্রতিষ্ঠানটি ১৮টির বেশি কাজ শেষ করতে পারেনি। তবে স্থানীয় ঠিকাদারদের মাধ্যমে যে কাজগুলো দেওয়া হয়েছিল, সেগুলোর বাস্তবায়িত হয়েছে।
বর্তমান কাউন্সিলর আশরাফুল হাসান ওরফে বাচ্চু বিএনপির রাজনীতির সমর্থক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৩ সালে তিনি প্রথমবারের মতো নির্বাচিত হন। একইভাবে ২০১৮ সালেও তিনি জয়ী হন।
আশরাফুল হাসান বলেন, সত্যিকার অর্থে গত পাঁচ বছরে রাজশাহী শহরে যে উন্নয়ন হয়েছে, তা বিগত দিনে হয়নি। সেই উন্নয়ন সমান্তরালে তাঁর ওয়ার্ডে হয়েছে। তবে একটি বিশেষ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেয়ে কাজ শেষ করেনি। কিছু কাজ শুরু করেছিল, কিন্তু শেষ করেনি। এটা প্রায় সব ওয়ার্ডেই তারা করেছে। তালাইমারীর পাশে সরু রাস্তার বিষয়ে তিনি বলেন, রাস্তাটি গুরুত্বপূর্ণ। তালাইমারী থেকে কাটাখালী পর্যন্ত ছয় লেনের সড়কের কাজ চলছে। এটি শেষ হলেই তাঁর ওয়ার্ডে তিনটি সড়কের প্রশস্তকরণ কাজ শুরু হবে। এর মধ্যে তালাইমারীর ওই সড়কটিও রয়েছে।
ড্রেনেজ–ব্যবস্থা ও জলাবদ্ধতা বিষয়ে আশরাফুল হাসান বলেন, তাঁর ওয়ার্ডে কোনো অঞ্চল নিচু, কোথাও বেশি উঁচু। এ ছাড়া কোথাও ব্যক্তিগতভাবে ভবন তৈরি করা হয়েছে, আবার কোথাও এখনো কুঁড়েঘর হচ্ছে। এসব কারণে চাইলেও ড্রেনেজ–ব্যবস্থা ভালো করা যায় না। কিন্তু গত পাঁচ বছরে অলিগলিতে ড্রেনের কাজ করেছেন। এতে এখন আর ওয়ার্ডের মানুষের মধ্যে আগের মতো পানিবাহিত রোগ হয় না। যতগুলো কাজ হাতে নেওয়া হয়েছে, এগুলোর বাস্তবায়িত হলে সমস্যা সমাধান হয়ে যাবে।