বরিশালে হাসপাতাল থেকে নবজাতক চুরি করে পালাতে গিয়ে জনতার হাতে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুরি হওয়ার পর উদ্ধার নবজাতক
ছবি: প্রথম আলো

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরি করে পালানোর সময় শাহিনূর বেগম (৪০) নামের নারীকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে নগরের আমানতগঞ্জ এলাকায় স্থানীয় লোকজন ওই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বরিশাল নগরের কাউনিয়া এলাকার বিসিক সড়কের হেলাল উদ্দীন ব্যাপারীর স্ত্রী কাকলি বেগম (২১) গতকাল মঙ্গলবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একটি ছেলেসন্তান প্রসব করেন। আজ সকালে কাকলি ঘুম থেকে উঠে হাসপাতালের শৌচাগারে গিয়ে ফিরে এসে দেখেন, তাঁর নবজাতক সন্তান শয্যায় নেই। ছেলেকে না পেয়ে দিশাহারা কাকলি আহাজারি করতে থাকেন।

দুই দিন বয়সী ওই নবজাতককে চুরি করে নিয়ে যাওয়ার সময় শাহিনূর বেগমকে নগরের আমানতগঞ্জ থেকে স্থানীয় লোকজন সন্দেহবশত আটক করেন। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনূর বেগমকে আটক করে। পরে তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, ওই নবজাতককে তিনি হাসপাতাল থেকে চুরি করে পালাচ্ছিলেন। শাহিনূর বরিশাল সদর উপজেলার চরহোগল গ্রামের আনিস মিয়ার স্ত্রী।

আমি আমার বুকের ধনকে কোলে ফিরে পাইছি, মনটা শান্তিতে ভরে গেছে।
কাকলি বেগম, নবজাতকের মা

পুলিশকে ফোন করেছিলেন ঘটনাস্থলে উপস্থিত থাকা বরিশাল সিটি করপোরেশনের কর্মচারী শাহাদাৎ হোসেন। তিনি বলেন, ‘এক নারী একটি শিশুকে নিয়ে লুকোচুরি করছিলেন। সন্দেহ হওয়ার পর তাঁকে জিজ্ঞাসা করলে উল্টাপাল্টা উত্তর দিতে থাকেন। এরপর আমি ৯৯৯-এ কল করলে পুলিশ এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ধরা পড়ে যান।’

এদিকে নবজাতককে উদ্ধারের পর বেলা দেড়টার দিকে মায়ের কাছে হস্তান্তর করে পুলিশ। চুরি হওয়া নবজাতককে ফিরে পেয়ে কাকলি বেগম আনন্দে আত্মহারা হয়ে পড়েন। কাকলি ও তাঁর পরিবার পুলিশ ও উদ্ধারকারী স্থানীয় লোকজনের প্রতি কৃতজ্ঞতা জানান। কাকলি বলেন, ‘আমি আমার বুকের ধনকে কোলে ফিরে পাইছি, মনটা শান্তিতে ভরে গেছে।’

কাকলির স্বামী হেলাল উদ্দীন বিসিক শিল্পনগরীর কারখানাশ্রমিক। তিনি বলেন, ‘সকাল থেকে আমাদের ওপর কী যে ঝড় গ্যাছে, কইতে পারমু না। এইটা আমাগো প্রথম বাচ্চা। বাচ্চা চুরি হওনের পর আমরা সবাই দিশাহারা অবস্থায় আছলাম। কী করমু, কোথায় যামু, কিছুই মাথায় আছিল না। যখন খবর পাই বাচ্চাসহ চোর ধরা পড়ছে, তখন স্বস্তি পায়েছি। বাচ্চা পাওনে আমরা এত্ত খুশি যে বুঝাইতে পারমু না।’ তিনি জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আলী আশরাফ ভূঞা বলেন, ‘আমরা ওই নবজাতককে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করেছি এবং চোরকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।’