যশোর থেকে ফিরে আসছে বাস, খুলনাগামী যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের খুলনাগামী বাসগুলো ধর্মঘটের কারণে যশোর থেকে ফিরে আসছে। শুক্রবার দুপুরে আরাবপুর বাসস্ট্যান্ড এলাকায়
ছবি: প্রথম আলো

ঝিনাইদহের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটেই যাত্রীবাহী বাসসহ ছোট–বড় সব ধরনের যান চলাচল করছে। শহরের বিভিন্ন বাস টার্মিনাল থেকে সময়মতো বাস ছেড়ে যাচ্ছে। তবে খুলনায় পরিবহন ধর্মঘটের কারণ দেখিয়ে যশোর থেকেই খুলনাগামী বাসগুলো ফিরে আসছে। এতে বিপাকে পড়েছেন খুলনাগামী যাত্রীরা। বাধ্য হয়ে যশোর থেকে তাঁদের মোটরসাইকেল, মাহিন্দ্রসহ ছোট যানে গন্তব্যে যেতে হচ্ছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল, আরাপপুর, বাইপাস মোড়সহ বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় আজ যাত্রীর চাপ কিছুটা কম। খুলনাগামী যাত্রীর সংখ্যা একেবারেই কম। বাসের যাত্রীসংখ্যাও কম দেখা গেছে।

আরও পড়ুন
ধর্মঘট মানেই আমাদের দুর্ভোগ। বাস মালিক সমিতি বা যেকোনো রাজনৈতিক দল বা সংগঠন ধর্মঘট ডেকে বসে থাকে কিন্তু আমাদের কষ্ট করতে হয়। এভাবে তো চলতে পারে না।
বাসের যাত্রী শরিফুল ইসলাম

খুলনাগামী গড়াই পরিবহনের চালক তমাল ইসলাম বলেন, ‘ঝিনাইদহ থেকে যশোর পর্যন্ত যাচ্ছি। খুলনায় বিএনপির সমাবেশের জন্য ধর্মঘটের কারণে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়েই আবার ফিরে আসতে হবে।’ তবে খুলনায় ধর্মঘটের কারণে যাত্রীর সংখ্যাও অনেক কম।

খুলনায় বাস ঢুকতে না পারায় দুর্ভোগের শিকার হচ্ছেন অনেক যাত্রী। কুষ্টিয়া-ঝিনাইদহ হয়ে বাস যশোরে পৌঁছানোর পর খুলনাগামী যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। কয়েকটি বাসের চালক জানান, তাঁদের গাড়ি থেকে নেমে যাত্রীদের মাহিন্দ্রা, মোটরসাইকেল কিংবা ছোটখাটো যানে গন্তব্যে যেতে হচ্ছে। বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে যাত্রীদের।

আরও পড়ুন
আজ শুক্রবার সকাল ছয়টা থেকে খুলনায় দুই দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বিএনপির দাবি, আগামীকাল শনিবার খুলনায় বিএনপির গণসমাবেশ আছে। ওই গণসমাবেশ বানচাল করতে ও বিপুল মানুষের উপস্থিতি ঠেকাতে ‘ষড়যন্ত্র’ করে এ ধর্মঘট ডাকা হয়েছে।

খুলনাগামী যাত্রী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, জরুরি প্রয়োজনে খুলনা যাওয়ার উদ্দেশে টার্মিনালে এসেছেন। কিন্তু টার্মিনালে এসে জানতে পারেন, যশোরে গিয়ে নেমে যেতে হবে। বাসের চালকের সহযোগীরা বলছেন, যশোরে গিয়ে খুলনায় যাওয়ার ব্যবস্থা নিজেদের করে নিতে হবে।

আরেক যাত্রী শরিফুল ইসলাম বলেন, ‘ধর্মঘট মানেই আমাদের দুর্ভোগ। বাস মালিক সমিতি বা যেকোনো রাজনৈতিক দল বা সংগঠন ধর্মঘট ডেকে বসে থাকে কিন্তু আমাদের কষ্ট করতে হয়। এভাবে তো চলতে পারে না। এর স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন।’

আরও পড়ুন

যশোরের নওয়াপাড়া থেকে আসা রূপসা পরিবহনের চালক মো. আকন্দ বলেন, ‘ধর্মঘটের কারণে খুলনার পরিবর্তে যশোরের নওয়াপাড়া থেকে ছেড়ে এসেছি। এখন ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া যাচ্ছি।’

আজ শুক্রবার সকাল ছয়টা থেকে খুলনায় দুই দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ২৩ অক্টোবর সকাল ৬টা থেকে গণপরিবহন চালু হবে। বিএনপির দাবি, আগামীকাল শনিবার খুলনায় বিএনপির গণসমাবেশ আছে। ওই গণসমাবেশ বানচাল করতে ও বিপুল মানুষের উপস্থিতি ঠেকাতে ‘ষড়যন্ত্র’ করে এ ধর্মঘট ডাকা হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ প্রথম আলোকে বলেন, খুলনায় বিএনপির সমাবেশের কারণে ধর্মঘট ডেকে বিএনপির নেতা-কর্মীদের যেতে বাধা দেওয়া হচ্ছে। তবে মোটরসাইকেল, ভ্যান, ট্রেনসহ বিকল্প যানবাহনে ইতিমধ্যে কয়েক হাজার নেতা-কর্মী খুলনায় পৌঁছেছেন। তাঁদের সুবিধার্থে খুলনার বিভিন্ন আবাসিক হোটেলসহ বিভিন্ন স্থানে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বিএনপির নেতা এম এ মজিদ অভিযোগ করে বলেন, ঝিনাইদহ থেকে মাইক্রোবাস, প্রাইভেট কার খুলনায় যেতে দেওয়া হচ্ছে না। সরকারদলীয় নেতা-কর্মীরা বাধা সৃষ্টি করছেন। যতই বাধা দেওয়া হোক, বাধা ভেঙে নেতা-কর্মীরা খুলনার গণসমাবেশে উপস্থিত হবেন। সেখান থেকেই আগামী দিনের আন্দোলন-সংগ্রামের নির্দেশনা দেবেন নেতারা।

আরও পড়ুন

ঝিনাইদহ বাস-মিনিবাস মালিক সমিতির নেতা রোকনুজ্জামান বলেন, ঝিনাইদহে কোনো পরিবহন ধর্মঘট নেই। খুলনা মালিক সমিতি মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে, ওই কর্মসূচিতে সমর্থন জানিয়ে যশোর পর্যন্ত বাস চলাচল করছে।