এমপিরা ‘মাই ম্যান’ তৈরির জন্য পছন্দের প্রার্থী ঘোষণা করেছেন...

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় নারায়ণগঞ্জের তিনটি উপজেলায় নির্বাচন হচ্ছে। প্রথম দফায় ভোট হয়েছে একটি উপজেলায়। নির্বাচনের কথা থাকলেও শেষ মুহূর্তে এসে মামলাসংক্রান্ত জটিলতায় থেমে যায় সদর উপজেলা পরিষদ নির্বাচন। বিএনপিসহ তাদের সমমনা দলগুলোর বর্জন করা এই নির্বাচন নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল। সাক্ষাৎকার নিয়েছেন গোলাম রাব্বানী।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো:

নারায়ণগঞ্জে ভোটের পরিস্থিতি কেমন দেখছেন?

ধীমান সাহা: সব জায়গায় কালোটাকার ছড়াছড়ি। স্থানীয় সংসদ সদস্যরা নির্বাচনকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার প্রাণপণ চেষ্টা করছেন। যদিও বন্দরে ওসমান পরিবারের দুই সংসদ সদস্যের বিরোধিতা সত্ত্বেও এমন একজন বিজয়ী হয়েছেন, যাঁর বিরুদ্ধে নির্বাচনে কালোটাকা ছড়ানোর অভিযোগ আছে। সদর উপজেলায় নিজেদের প্রয়োজনে সংসদ সদস্যরা বছরের পর বছর ধরে নির্বাচন বন্ধ করে রেখেছেন। আর রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁয়ে নিয়ন্ত্রিত নির্বাচন হচ্ছে।

প্রথম আলো:

আওয়ামী লীগ থেকে তো সংসদ সদস্যদের (এমপি) নির্বাচনে প্রভাব বিস্তারে নিষেধ করা হয়েছে।

ধীমান সাহা: সেটা মুখে বলা হয়েছে। বাস্তবে তো তেমনটা দেখা যাচ্ছে না। সব উপজেলাতেই সংসদ সদস্যরা ‘মাই ম্যান’ তৈরির জন্য পছন্দের প্রার্থী ঘোষণা করেছেন। বরাবরের মতো এবারও আড়াইহাজারের সংসদ সদস্য পছন্দের প্রার্থীর জন্য মাঠে নেমেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনকে হুমকি–ধমকি দিচ্ছেন। এ নিয়ে লেখালেখি হচ্ছে, নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। কিন্তু দল বা প্রশাসন কেউ তো ব্যবস্থা নিচ্ছে না।

প্রথম আলো:

প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না কেন?

ধীমান সাহা: একদলীয় শাসনব্যবস্থার ফলে প্রশাসনের মধ্যে ভয় কাজ করে। তারা চাইলেও সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। সুশাসনের অভাবে এমনটা হয়।

প্রথম আলো:

এমন পরিস্থিতিতে ভোটাররা কি কেন্দ্রে যাওয়ার আগ্রহ পাবেন?

ধীমান সাহা: সরকার ও প্রশাসনের জন্য ভোটার উপস্থিতিই নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা হয়তো সংঘাতহীন ভোট আয়োজন করতে পারবে। কিন্ত নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় ভোটার উপস্থিতি ঘটানো কঠিন হবে। স্থানীয় সরকার নির্বাচনগুলোর দিকে তাকালে দেখা যাবে, ক্রমেই ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কমছে। এটা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

প্রথম আলো:

দলীয় প্রতীক না দেওয়ায় ভোট কি কিছুটা অংশগ্রহণমূলক হচ্ছে?

ধীমান সাহা: সবাই তো একই দলের। প্রার্থী হয়তো বেড়েছে। কিন্তু দলীয় প্রভাব কমেনি। ভোটের মাঠে প্রতীকের চেয়ে প্রার্থীদের দলীয় পরিচয়ই বড় হয়ে উঠছে। ফলে অন্য কোনো দল বা পরিচয়ের প্রার্থী থাকলেও তাঁরা মাঠে সমান সুযোগ পাচ্ছেন না। এখানেও ক্ষমতা আর ব্যবসায়ীদের টাকার কাছে রাজনীতিবিদেরা কোণঠাসা হয়ে আছেন।

প্রথম আলো:

আপনাকে ধন্যবাদ।

ধীমান সাহা: আপনাকেও ধন্যবাদ।