যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অব্যাহতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। গত সোমবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৬তম সিন্ডিকেট সভায় ওই শিক্ষককে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়।
সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।
অব্যাহতি পাওয়া ওই শিক্ষকের নাম অধ্যাপক মো. দুলাল আলী মোল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসউদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীর উত্থাপিত যৌন হয়রানি, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে সুপারিশ দাখিল এবং এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মো. দুলাল আলী মোল্লাহকে অব্যাহতি দেওয়া হলো।