ঘন কুয়াশায় দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগ
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ শনিবার সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ আছে। একই কারণে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথেও সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ আছে। এর আগে দুই নৌপথে দুটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি পারাপারের অপেক্ষায় আটকে আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, গতকাল শুক্রবার রাতভর নদী অববাহিকায় হালকা কুয়াশা থাকলেও আজ ভোররাতের দিকে ভারী কুয়াশা পড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সকাল সাড়ে ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর আগে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া কেরামত আলী নামের একটি রো রো (বড়) ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এ ছাড়া দৌলতদিয়া প্রান্তে ছোট–বড় মিলে ৮টি এবং পাটুরিয়া প্রান্তে একটি ফেরি নোঙর করে আছে। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটের মহাসড়কে নদী পাড়ি দিতে অপেক্ষমাণ রয়েছে কয়েক শ গাড়ি। দুর্ভোগের শিকার হচ্ছেন গাড়ির যাত্রী ও চালকেরা।
এই খবরের সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, ভারী কুয়াশার কারণে দুই নৌপথে সকাল ৬টার পর থেকে ফেরি চলাচল বন্ধ আছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে। তবে যানবাহনের খুব চাপ না থাকায় দ্রুত ঘাট যানবাহনশূন্য হয়ে পড়বে বলে তিনি মনে করেন।