টাঙ্গাইলে বগি লাইনচ্যুতির ঘটনায় রংপুর বিভাগের চার ট্রেনের যাত্রা বাতিল
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রভাব পড়েছে রংপুর অঞ্চলের ট্রেন চলাচলে। লালমনিরহাট রেল বিভাগের আওতাধীন লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও পঞ্চগড় থেকে রাজধানী ঢাকা অভিমুখে চলাচলকারী চারটি আন্তনগর ট্রেনের আজ মঙ্গলবারের যাত্রা বাতিল করা হয়েছে।
লালমনিরহাট রেল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, লালমনিরহাট থেকে সকাল সোয়া ১০টায় লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম থেকে সকাল সোয়া ৭টায় কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর থেকে রাত ৮টা ১০ মিনিটে রংপুর এক্সপ্রেস এবং পঞ্চগড় থেকে দুপুর সোয়া ১২টায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন রাজধানী ঢাকা অভিমুখে চলাচল করে। এসব ট্রেনের মঙ্গলবারের যাত্রা বাতিল করা হয়েছে।
লালমনিরহাট রেল বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. আবদুস সালাম বলেন, রাজধানী ঢাকা থেকে বৃহত্তর উত্তরবঙ্গে আসার অন্যতম প্রধান রেলপথ টাঙ্গাইল ও বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে ১২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। শিডিউল বিপর্যয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে রাজধানী ঢাকার সঙ্গে লালমনিরহাট রেল বিভাগের চার জোড়া আন্তনগর ট্রেনের মঙ্গলবারের যাত্রা বাতিল করা হয়েছে।
মো. আবদুস সালাম বলেন, রেল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাত্রা বাতিল করার জন্য এসব আন্তনগর ট্রেনের টিকিটের টাকা কাউন্টার থেকে যাত্রীদের ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে। আগামীকাল বুধবার থেকে লালমনিরহাট রেল বিভাগের সব আন্তনগর ট্রেন যথাসময়ে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।