হাঁসের খোপে ১১ ফুট লম্বা অজগর
সুন্দরবনসংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি বসতবাড়ির হাঁসের খোপ থেকে একটি অজগর উদ্ধার হয়েছে। প্রায় ২০ কেজি ওজনের অজগরটি লম্বায় ১১ ফুট।
আজ বুধবার সকালে ভোলা নদী পাড়ের বনসংলগ্ন সোনাতলা গ্রামের কৃষক মো. বেল্লাল খানের বাড়ির হাঁসের খোপ থেকে অজগরটি উদ্ধার করেন ভিটিআরটি (ভিলেজ টাইগার রেসপন্স টিম), ওয়াইল্ড টিম ও বন বিভাগের সদস্যরা।
খাবারের সন্ধানে বা উপযুক্ত পরিবেশের খোঁজে অজগরটি বন ছেড়ে লোকালয়ে চলে আসে বলে ধারণা বন বিভাগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের। উদ্ধারের পর দুপুরে অজগরটিকে বনের শরণখোলা রেঞ্জ অফিসের পাশে অবমুক্ত করা হয়।
ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার বলেন, ‘বুধবার সকালে বাড়ির হাঁস-মুরগির খোপে অস্বাভাবিক ডাকাডাকি শুনে খোপের মুখ খুলেন বেল্লাল খান। এ সময় তিনি ভেতরে অজগর দেখতে পেয়ে আমাদের খবর দেন। আমরা সেখানে গিয়ে অজগরটি উদ্ধার করি।’
অজগরটি ওই বাড়ির খোপে থাকা দুটি হাঁস খেয়ে ফেলে জানিয়ে আলম হাওলাদার বলেন, ‘সাম্প্রতিক সময় মাঝেমধ্যেই সুন্দরবন থেকে লোকালয়ে অজগর চলে আসছে। অধিকাংশ সময় আমরা দেখি, মানুষের বসতবাড়িতে বিশেষ করে খোপে গিয়ে হাঁস-মুরগি খেয়ে ফেলছে। আগে বন্য প্রাণী এলাকায় চলে এলে মানুষে ভয়ে আতঙ্কে পিটিয়ে মেরে ফেলত। স্থানীয় লোকজনের মধ্যে সচেতনতা বাড়ায় তারা প্রাণীগুলোকে হত্যা না করে এখন আমাদের খবর দেয়। আমরা সেগুলো উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করি। তবে হাঁস-মুরগি বা গৃহপালিত পশুপাখি খেয়ে ফেললে তার জন্য কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নেই। প্রান্তিক এসব দরিদ্র মানুষ গৃহপালিত পশুপাখি জন্য ক্ষতিপূরণ চায়।’
সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলছেন, সুন্দরবনের বিভিন্ন প্রজাতির সাপ সাধারণত বনের উঁচু স্থানে ডিম পেড়ে থাকে। কিন্তু জলবায়ু পরিবর্তন, পূর্ণিমা ও অমাবস্যা উঁচু জোয়ারে বনের অভ্যন্তরের উঁচু সেসব জায়গা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব কারণে সাপগুলো অনেক সময় ডিম পাড়তে নদী-খাল সাঁতরে লোকালয়ের উঁচু জায়গায় ঢুকে পড়ছে। ডিম দেওয়া বড় সাপগুলো লোকালয়ে ডিম পাড়ার পর সেই স্থানের আশপাশে বিচরণ করে থাকে। এ ছাড়া খাবারের সন্ধানেও লোকালয়ে এসব সাপ চলে যেতে পারে। বনসংলগ্ন লোকালয়ের বাড়িঘরে ঢুকে সহজেই অজগর হাঁস-মুরগি ধরে খেতে পারে। এখন পর্যন্ত লোকালয় থেকে যেসব অজগর উদ্ধার হয়েছে, এর বেশির ভাগই হয়েছে বাড়িঘরের হাঁস-মুরগির খোপ, ঘর বা এর আশপাশ থেকে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ শামসুল আরেফীন প্রথম আলোকে বলেন, গত ৬ মাসে বনসংলগ্ন শরণখোলা এলাকা থেকে প্রায় ২০টি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সুন্দরবনের শেষ সীমানা লোকালয়ের অবস্থান এখন অনেক কাছাকাছি। বন এবং পাশের লোকালয়ের ভূমির অবস্থান উচ্চতা এবং পরিবেশ একই রকম হওয়াতে সুন্দরবন থেকে বন্য প্রাণী মাঝেমধ্যে লোকালয়ে চলে আসছে। মানুষও এখন একদম কাছে চলে এসেছে। প্রাণীগুলোও বিচরণের সময় তাই লোকালয়ে চলে আসছে। তবে একটা স্বস্তির বিষয় মানুষ এখন আর প্রাণীগুলোকে পিটিয়ে মারে না। তাদের আবার বনে ফিরিয়ে নেওয়া যাচ্ছে।